প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে : ফখরুল
নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার বিভাগ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিচার বিভাগ যেখানে মানুষ শেষ মুহূর্তে যায় ভরসা পাবে বলে। সেখানেও আজ পুরোপুরি দলীয়করণ করা হয়েছে।’
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘যে দেশে প্রধান বিচারপতিকে বন্দুকের নল ঠেকিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়। সুপারসিড করে প্রধানবিচারপতি নিয়োগ দেওয়া হয়, সেদেশে বিচারের স্বাধীনতা কতটুকু আছে, ন্যায়বিচার কতটুকু পাওয়া যাবে তা আমরা সবাই জানি।’
আওয়ামী লীগ সরকারের দিন শেষ হয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঘণ্টা বেজে গেছে। পশ্চিমাবিশ্ব গণতন্ত্রের প্রধান-আমেরিকা তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে। যারা আমাদের গণতন্ত্রানিক আন্দোলনে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করেছে, হত্যা ও নির্যাতন করেছে, তুলে নিয়েছে, গুম করেছে। তাদের বিরুদ্ধেই এই সাজা। সুতরাং বিদায় ঘণ্টা বেজে গেছে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এখনো সময় আছে, পদত্যাগ পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন। এবং তাদের অধীনে নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। অন্যতায় পালাবার পথ খুজে পাবেন না।’
পদ্মা সেতুর নির্মাণ কাজ দেখতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সমালোচনা করে ফখরুল বলেন, ‘গতকালকে পদ্মা সেতুর উপরে পোজ দিয়ে ছবি তুলেছেন। ভালো কথা আমাদের আপত্তি নাই। ছবি আপনারা তুলেন, অবশ্যই তুলেন। পদ্মা সেতু নির্মাণ করেন কিন্তু আমার সাধারণ মানুষের মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা করেন। ফাইভ স্টার হাসপাতাল তৈরি হয় কিন্তু সাধারণ মানুষ চিকিৎসা সেবার সুযোগ পায় না। শ্রমিকরা তার মজুরি পায় না। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। খুব বড় করে কথা বলেছিলেন ১০ টাকা কেজি চাল খাওয়াব অথচ আজ ৭০ টাকাতেও চাল পাওয়া যায় না। জ্বালানি তেলের দাম ও দ্রব্যমূল্য উর্ধ্বগতিতে অসহনীয় অসম্ভব হয়ে পড়েছে মানুষ অথচ তারা বলছে উন্নয়নের রোল মডেল হয়ে গেছে বাংলাদেশ।’
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এর সভাপতিত্বে বক্তব্য দেন- সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সুলতান সালাউদ্দিন টুকু, এবিএম মোশাররফ হোসেন, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ও হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আকরামুল হাসান, ছাত্রদলের রওনাকুল ইসলাম শ্রাবন, আমিনুর রহমান আমিন. সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।











