রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিব পর্যায়ে বদলি, পদোন্নতি: এনবিআর চেয়ারম্যান থাকছেন মুনিম

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের বিভিন্ন পদে কয়েকজনকে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে আগের চুক্তির ধারাবাহিকতায় আগামী ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে একই পদে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলির আদেশ হয়েছে) মো. মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব (সিনিয়র সচিব) করা হয়েছে।

আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।