সিজারে নির্ভরশীল ময়মনসিংহের ক্লিনিক
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরীর অলিগলিতে গড়ে উঠেছে ক্লিনিক। এসব ক্লিনিকের প্রায় সবগুলোই সিজারনির্ভর। প্রসবের সময় হোক না আর না হোক রোগী ভর্তি হলেই বিভিন্ন অজুহাতে করা হয় সিজার। এতে হুমকিতে পড়ছে মা ও শিশুর স্বাস্থ্য।
সরেজমিনে দেখা যায়, শহরের চড়পাড়া এলাকার অলিগলিতে প্রায় তিন শতাধিক বা তারও বেশি ক্লিনিক গড়ে উঠেছে। তাদের সেবার মূল বিষয় প্রসূতিসেবা। দালালদের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে প্রসূতিদের ক্লিনিকে ভর্তি করা হয়। এজন্য দালালরা শতকরা হিসেবে টাকাও পেয়ে থাকেন। এসব ক্লিনিকে সিজারের বিল করা হয় সর্বনিম্ন ১২ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত।
প্রসবের সময় না হলেও প্রসূতিদের সিজার করানো হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া পর্যাপ্ত ব্যবস্থা না থাকার পরও সিজার করায় ঝুঁকিতে পড়ে মা ও শিশু। পরে অবস্থা জটিল হলে বিভিন্ন অজুহাতে তাদের রেফার্ড করা হয় সরকারি হাসপাতালে।
এ বিষয়ে জেলা জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু জাগো নিউজকে বলেন, ক্লিনিকে কর্মরত চিকিৎসক বা কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ সিজার করতে বাধ্য করা হয় বলে জেনেছি। এ কারণে ক্লিনিকে সিজার বেশি। তাছাড়া এসব ক্লিনিকগুলো চলেই সিজার করে। ক্লিনিক মালিকদের স্বার্থের কারণে অনেক প্রসূতি ও শিশু ঝুঁকির মধ্যে পড়ে। এসব কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিৎ।
অপরদিকে জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমালেই বেশি শিশুর জন্ম হয় বলে দাবি করা হলেও জেলা সিভিল সার্জনের তথ্য মতে, নরমালে শিশু জন্মের হার ১.৭০ শতাংশ ও সিজারে শিশু জন্মের হার ৯৮.৩০ শতাংশ। হিসাব অনুযায়ী ১৫ শতাংশ নরমালের কথা থাকলেও জন্ম নিচ্ছে মাত্র ১.৭০ শতাংশ।
গত নভেম্বর মাসে নগরীর চরপাড়া পুরাতন জনতা ব্যাংকের পেছনের গলিতে জমজম প্রাইভেট হাসপাতালে সিজারে জন্ম নিয়েছে ৩০ শিশু আর ২২ ডিসেম্বর পর্যন্ত সিজারে জন্ম নিয়েছে ৩৬ শিশু। তবে ওই সময় নরমালে কোনো শিশু এ হাসপাতালে জন্ম নেয়নি। অর্থাৎ নরমালে জন্মের হার শূন্য।
নগরীর ভাটিকাশর এলাকায় উত্তরণ নার্সিং হোমে নভেম্বরে ১৬ শিশুই সিজারে জন্ম নেয়। অর্থাৎ সিজারে জন্মের হার শতভাগ। চলতি মাসে ২৬টি সিজার হলেও নরমালে জন্ম হয়েছে একটি শিশুর।
নগরীর চরপাড়া এলাকার প্রাইমারি স্কুল রোডের ইডেন হাসপাতাল ও ডায়াগনোস্টি সেন্টারে নভেম্বরে সিজারে জন্ম নেয় ৩০ শিশু। এ সময় নরমালে হয় ৭ শিশু। ওই হাসপাতালে সিজারে শিশু জন্মের হার ৯৯ শতাংশের বেশি।
জমজম প্রাইভেট হাসপাতালের ম্যানেজার আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ক্লিনিকে আসা কারোরই ভালো অবস্থা থাকে না। ফলে বাধ্য হয়েই সিজার করতে হয়।
ইডেন হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিক শামীম আহমেদ জাগো নিউজকে বলেন, ক্লিনিকে সিজার বেশি হয়। এ নিয়ে ক্লিনিক মালিকদের দোষ দিয়ে কোনো লাভ নেই। কারণ এখনকার মায়েরা সচেতন কম। তারা হাসপাতালে এসেই সিজারের জন্য চাপ দেয়। তাই বাধ্য হয়েই সিজার করতে হয়। সচেতনতা বাড়ালেই সিজার কমবে বলে জানান তিনি।
এ বিষয়ে সিবিএমসিবির বিভাগীয় প্রধান (গাইনি) প্রফেসর ডা. শিলা সেন বলেন, বিশ্বের প্রতিটি দেশে সিজার ১০ থেকে ১৫ শতাংশ হওয়ার কথা থাকলেও গত তিন দশকে ক্লিনিকে এটি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ক্লিনিকে সিজার বেশি হয়। অধিকাংশ ক্লিনিকে ডাক্তার থাকে না। রোগী এলে তারা বাইরে থেকে চিকিৎসক এনে সিজার করায়। নরমাল ডেলিভারির জন্য একজন চিকিৎসককে অবশ্যই প্রসূতিকে সময় দিতে হবে। ক্লিনিকে চিকিৎসকরা প্রসূতিদের সময় দিতে না পারায় সিজার বাড়ছে।
তিনি আরও বলেন, উন্নত দেশে শতভাগ প্রসূতিকে হাসপাতালে নেওয়ার নিয়ম রয়েছে। ওদের চিকিৎসকরা এতটাই প্রশিক্ষিত যে তারা প্রসূতিকে দেখেই বুঝতে পারে। পরে প্রসূতির অবস্থার ওপর নির্ভর করেই প্রসব করায়।
এমন অবস্থা থেকে বের হওয়ার উপায় কী জানতে চাইলে তিনি বলেন, এর প্রধান উপায় প্রসূতিদের সচেতন হওয়া। নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা, প্রসবের সময়টা খেয়াল রাখা, ক্লিনিকগুলোকে ট্রেনিংয়ের আওয়তায় আনা ও ক্লিনিকে নিয়মিত চিকিৎসক রাখা।
সিজারে নির্ভরশীল ময়মনসিংহের ক্লিনিক
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত নভেম্বরে নরমালে ৫৬৬ শিশুর জন্ম হয়েছে। সিজারে হয়েছে ৬৫৯টি। হিসাব মতে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু জন্মের হার সিজারে ৫৬.৬, নরমালে ৪৩.৩ শতাংশ।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ) অধ্যাপক ডা. তায়েবা তানজিন মির্জা বলেন, আজকাল মায়েদের সিজার প্রবণতা বেড়ে গেছে। হাসপাতালে এসেই তারা সিজারের জন্য চাপ দেয়। ফলে অনেক সময় বাধ্য হয়েই সিজার করতে হয়। আবার অনেক জটিল অবস্থায় রোগীরা আসে যখন সিজার ছাড়া উপায় থাকে না। তবে একজন মা সচেতন হলেই কেবল সিজারের প্রবণতা কমবে বলে মনে করি।
ময়মনসিংহ ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. তারা গোলন্দাজ বলেন, সিজার প্রবণতা বাড়ছে। এটা অবশ্যই উদ্যোগের বিষয়। তবে ক্লিনিক ব্যবসায়ীদের দোষ দিয়ে কোনো লাভ নেই। সচেতনতাই পারে সিজার কমাতে।
জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ক্লিনিকে বেশি সিজারের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।











