রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ধর্ষণ : আসামিরা হোটেল-মোটেল জোনের ‘ত্রাস’

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে স্বামী-সন্তান নিয়ে বেড়াতে আসা নারীকে ধর্ষণে অভিযুক্ত আসামিরা ‘ত্রাস’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, অভিযুক্ত আশিকুল ইসলাম আশিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, ছিনতাই, ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা আছে। তার অন্যতম সহযোগী জয়ার বিরুদ্ধেও দুটি মামলা আছে। তারা মূলত কক্সবাজারের হোটেল-মোটেল জোনের ত্রাস হিসেবে পরিচিত। তাদের গ্যাংয়ে অর্ধশতাধিক সদস্য রয়েছেন। তারা গ্রেপ্তারও হয়েছেন একাধিকবার।

এদিকে ধর্ষণের শিকার ওই নারী পর্যটকের জবানবন্দি নিয়েছে আদালত। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে হাজির করে তার জবানবন্দি গ্রহণ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা টুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন জানান, মামলার নিয়মানুযায়ী ওই নারীকে আদালত আনা হয়। এ সময় তিনি আদালতে জবানবন্দি দেন। এর আগে দুপুর ২টার সময় ওই নারী ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ।

বর্তমানে টুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছে ওই পর্যটক দম্পতি।

শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, ‘আলোচিত এই মামলাটি ভিকটিমের অভিযোগ, আদালতের জবানবন্দি, মেডিকেল রিপোর্ট, সাক্ষীদের সাক্ষ্যসহ যাবতীয় বিষয় গুরুত্ব সহকারে টুরিস্ট পুলিশ তদন্ত করছে। আমরা তাদের সহযোগিতা করছি।’

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে অনেক অপরাধী রয়েছে স্বীকার করে পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, কলাতলী হোটেল জোনে কেউ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত, আবার কেউ দালালিসহ নানা অপরাধে জড়িত। আমরা সবগুলো বিষয় নিয়ে এগোচ্ছি। আসামি আশিকুল ইসলাম আশিকের সঙ্গে কারা জড়িত, তার আয়ের উৎস কী এবং কার ইন্ধনে এসব কর্মকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এদিকে শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সভা শেষ করে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানান, কক্সবাজারে স্বামী-সন্তান নিয়ে বেড়াতে আসা নারী পর্যটক ধর্ষণ মামলায় গত তিন দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে মামলার তদন্ত প্রাথমিকভাবে দ্রুত এগোচ্ছে।

মো. জিল্লুর রহমান বলেন, ‘কক্সবাজারে আলোচিত নারী পর্যটক ধর্ষণ মামলাটি থানায় রুজু হওয়ার পর তদন্ত করার জন্য টুরিস্ট পুলিশকে দেওয়া হয়। এর প্রেক্ষিতে টুরিস্ট পুলিশ ওই নারীর মেডিকেল রিপোর্টসহ নানা প্রয়োজনীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ ছাড়া আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

মো. জিল্লুর রহমান আরো বলেন, ‘মামলাটি তদন্ত করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে। বিশেষ করে ওই দিন রাতে ভিকটিম নারী আসামি আশিকুল ইসলাম শাকিলের মোটরবাইকের পেছনে বসে হোটেল জিয়া গেস্ট ইন-এ যান। এ সময় অসংখ্য লোকজন ছিল। কিন্তু, ভিকটিম নারী কোনো চিৎকার বা উচ্চবাচ্য করেননি। আমরা চাই মামলাটি তদন্ত সাপেক্ষে আসল ঘটনা উদ্‌ঘাটিত হোক এবং ন্যায়বিচার নিশ্চিত হোক। ’

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আশিকুল ইসলাম আশিকের বিরুদ্ধে চুরি, ছিনতাই, অপহরণ, ধর্ষণসহ ১৬টি মামলার কথা উল্লেখ করে মো. জিল্লুর রহমান বলেন, আসামি আশিক গত ১৬ ডিসেম্বর জেল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়ার পরপরই তার সেই পূর্বে অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ভিকটিমকে যখন আসামি আশিক নিয়ে যান, তখন ভিকটিম তার ব্যক্তিগত কাজে শহরের চিটাগাং হোটেলে অবস্থান করছিলেন। এ সময় তার স্বামী ছিল অন্য একটি হোটেলে। তবে আসামি আশিক ওই নারীর স্বামীর কাছ থেকে চাঁদার হুমকি দেন বলে ভিকটিম পুলিশকে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসা ধর্ষণের শিকার হন নারী পর্যটক।

ধর্ষণের শিকার নারীর ভাষ্য, ‘স্বামী-সন্তান নিয়ে ওই দিন সকালে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। ওঠেন শহরের হলিডে সিল্যান্ডের ২০১ নম্বর কক্ষে। ওই দিন বিকালে স্বামী-সন্তানকে নিয়ে লাবণি বিচে যান। রাতে হোটেলে ফেরার পথে এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগে। এতে স্বামীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ওই যুবক। বাধা দিলে তার সঙ্গেও তর্কে জড়ায় যুবক। এ সময় আরো দু যুবক ঘটনাস্থলে এসে হাজির হয়। তারা স্বামী-সন্তানকে ইজিবাইকে তুলে দিয়ে ওই নারীকে আলাদা করে ফেলে। পরে ওই এলাকার একটি ঝুপড়ি ঘরে নিয়ে তিনজন পালাক্রমে ধর্ষণ করে। এরপর স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে শহরের জিয়া গেস্ট ইন নামের একটি হোটেলে নিয়ে যায়।