রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চে আগুনের ঘটনায় মন্ত্রণালয়ের ৭ সদস্যের তদন্ত কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুনের ঘটনায় সাত সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব ও একজন উপসচিব রয়েছেন। এ ছাড়া বিআইডব্লিওটিএ, নৌপরিবহন অধিদপ্তর, নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধি রয়েছেন। আজ শুক্রবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যেহেতু জেলা প্রশাসক ও নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বড় ধরনের কমিটি গঠন করা হয়েছে, সেহেতু আমরা বিআইডব্লিউটিএ থেকে আর কোনো কমিটি গঠন করব না। মন্ত্রণালয়ের গঠিত কমিটিতে বিআইডব্লিউটিএর থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ নিহতের খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন দুই শতাধিক যাত্রী। নিখোঁজ রয়েছেন বহু। লঞ্চটিতে ৫০০ জনের মতো যাত্রী ছিলেন।

জানা গেছে, আগুনে দগ্ধদের মধ্যে ৭০ জন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এ ছাড়া অনেককে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, গভীর রাতে লঞ্চের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন প্রথমে ইঞ্জিন রুমে ছড়িয়ে পড়ে। পরে তা পুরো লঞ্চে ছড়ায়।