রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্প্রতি ইভ্যালি ইস্যুতে প্রতারণা মামলার আসামি হলেন জনপ্রিয় তিন তারকাশিল্পী তাহসান

news-image

খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি করেন। এমন পরিস্থিতিতে তিন শিল্পীই বিব্রত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আর এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মিললো টিভি অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে।

গতকাল রোববার সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সংগঠনটি সভাপতি শহিদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, কিছু মানুষ নিজেকে আলোচনায় আনতে যেকোনো ঘটনাতেই শিল্পীদের সম্পৃক্ত করে নানান কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছেন এবং কেউ কেউ তাদের নামে মামলা পর্যন্ত করছেন। যা মোটেই সমর্থনযোগ্য নয়, সেইসঙ্গে ভীষণ উদ্বেগজনকও বটে। সারা পৃথিবীতেই শিল্পীরা অত্যন্ত সম্মানিত এবং মানুষের ভালোবাসায় সিক্ত ও অনুসরণীয়। তাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের প্রচারণায় শিল্পীদের অন্তর্ভুক্ত করে। নির্দিষ্ট সম্মানির বিনিময়ে শিল্পীরা পণ্যের প্রচারে বিজ্ঞাপন ও নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এতে আরও বলা হয়েছে, পৃথিবীজুড়েই এটি একটি বৈধ লেনদেন। পণ্যের গুণগত দায় বা সেই ব্যবসা প্রতিষ্ঠানের যেকোনো অনৈতিক লেনদেনের দায় কখনোই সেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত বা মডেলের ওপর বর্তায় না। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনৈক ব্যক্তি মামলা করেছেন। সেই মামলার আসামি তালিকায় ৩ জন জনপ্রিয় অভিনয় শিল্পী তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়ার নাম অন্তর্ভুক্ত করেছেন। যেখানে দুজন সেই প্রতিষ্ঠানের শুভেচছাদূত ছিলেন এবং একজন চাকরি করতেন।

শিল্পীসংঘ’র পক্ষ থেকে আরও বলা হয়, যিনি মামলাটি করেছেন তিনি ওই প্রতিষ্ঠানে যখন লেনদেন করেছিলেন তখন এই শিল্পীরা প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন না। শুধু নিজেকে আলোচিত করার জন্য এবং আমাদের অভিনয়শিল্পীদের অসম্মানিত ও বিব্রত করার অভিপ্রায়ে তাদের নাম সম্পৃক্ত করার এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

সবশেষে জানানো হয়েছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারে যদি কেউ অপরাধী সাব্যস্ত হয় সে তার শান্তি পাবে। কিন্তু শিল্পীদের নাম জড়িয়ে তাদের অহেতুক বিড়ম্বনা, ব্রিতকর পরিস্থিতির মধ্যে ফেলা এবং তাদের সম্মানহানি করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাহসান, মিথিলা ও ফারিয়াসহ সব অভিনয়শিল্পীদের যেকোনো নৈতিক আন্দোলন ও সংকটে আমরা অভিনয়শিল্পী সংঘ তাদের সঙ্গে আছি।