রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ উইকেট নিয়ে উজ্জ্বল মেহেদি-নাসুম

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) উদ্বোধনী দিনে আলো ছড়িয়েছেন জাতীয় দলের দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদি হাসান। রাজশাহীতে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে দুজনই ৫ উইকেট করে দখল করেছেন। সুবাদে দিন শেষে বেশ সুবিধাজনক অবস্থানে তাদের দল।

এদিকে চট্টগ্রামে দিনের অন্য ম্যাচে ওয়ালটন মধ‍্যাঞ্চলের হয়ে আলো ছড়িয়েছেন পেসার রবিউল হক। বিসিবি উত্তরাঞ্চলকে খুব অল্পতেই গুটিয়ে দিয়েছে তারা। পরে মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমানের দৃঢ়তায় ব্যাটিংয়েও ভালো শুরু পেয়েছে দলটি।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৬০ রানে অলআউট হয়েছে পূর্বাঞ্চল। যদিও ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুলের ব্যাটে ভালো শুরু পেয়েছিল দলটি। শতরানের জুটি উপহার দেন দুই ওপেনার। কিন্তু এরপর সবুজ উইকেটে ঝলক দেখান দক্ষিণাঞ্চলের দুই স্পিনার নাসুম ও মেহেদি।

৪৬ রান করা ইমরুলকে ফেরান নাসুম। ৬১ রান করে আশরাফুল ফিরেছেন মেহেদির বলে। এরপর দুই প্রান্ত থেকেই প্রতিযোগিতা করে উইকেট শিকার করেন দুজন। ভাগাভাগি করেছেন প্রতিপক্ষের ১০ উইকেট।

পরে ব্যাটিংয়ে নেমে দুই ওভার খেলে দক্ষিণাঞ্চল ৩ রান তুলেছে। এনামুল হক ও পিনাক ঘোষ নিরাপদেই কাটিয়ে দেন শেষের এই সময়।

এদিকে চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চল অলআউট হয় ২১৯ রানে। উইকেটে থিতু হয়ে আউট হয়েছেন দলটির বেশির ভাগ ব্যাটার। সর্বোচ্চ ৪৬ রান করেছেন ওপেনার পারভেজ হোসেন। আরেক ওপেনার তানজিদ হাসান ৩২ রান করেন।

বিপরীতে মধ‍্যাঞ্চল কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে দিন শেষ করেছে। মোহাম্মদ মিঠুন ৫৪ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৩ রান করে অপরাজিত আছেন। আরেক ওপেনার মিজানুর রহমান অপরাজিত আছেন ১৮ রানে।