কলেজ গেটে ছাত্রীকে অপহরণচেষ্টা, বখাটে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : বগুড়া শিবগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী হাসানের (২৭) বাড়ি বগুড়া সদর উপজেলার চিঙ্গাসপুর গ্রামে। তবে তিনি শিবগঞ্জের জুড়ি মাঝপাড়া গুজিয়া এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন। এ ঘটনায় আজ দুপুরের দিকে ওই কলেজছাত্রীর পরিবার থানায় মামলা করেছে।
মামলা সূত্রে জানা যায়, শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে হাসান দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ছাত্রীর পরিবার জানার পর হাসানের শ্বশুর বাড়ির লোকদের জানায়। তবে তারা কোনো পদক্ষেপ নেয়নি।
আজ সকালে মেয়েটি পরীক্ষা দিয়ে বের হলে কলেজ গেটেই হাসান তার মোটরসাইকেলে তাকে উঠিয়ে অপহরণের চেষ্টা চালান। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে হাসানকে আটক করেন। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, অপহরণ চেষ্টার ঘটনায় তারা মামলা নিয়েছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।











