রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে ২ নারী শ্রমিকের মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খঞ্জনা এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের টঙ্গী-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাদগাতী এলাকার কবিরের স্ত্রী জেসমিন ও বড়নগর এলাকার কামরুলের স্ত্রী শাহীনুর। তারা স্থানীয় হা-মীম গ্রুপের শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে নরসিংদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) ইমায়েদুল জাহেদী জানান, আজ সকালে ওই দুই নারী রেল সড়ক দিয়ে হেঁটে ভাদগাতী এলাকায় কাজে যাচ্ছিলেন। একপর্যায়ে খঞ্জনা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং একই সময়ে বিপরীত দিক থেকে অপর লাইন দিয়ে সুরমা মেইল ট্রেন যাচ্ছিল। সে সময় তারা দুজন দুই দিক থেকে ট্রেন আসতে দেখে ছোটাছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ নিহতদের স্বজনরা উদ্ধার করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

হা-মীম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে নিহত জেসমিন ও শাহীনুর হা-মীম গ্রুপে শ্রমিক হিসেবে চাকরি করতেন।