ত্রিশের পরেও ধরে রাখুন তারুণ্য
সু–অভ্যাসে সুদিন
১.ময়েশ্চারাইজার ব্যবহার করুন নিয়মিত। ত্বক মসৃণ ও টান টান থাকবে।
২. খুব জোরে ঘষে ঘষে মুখ মোছা যাবে না। আলতো হাতে মুখ মোছার অভ্যাস করুন, যাতে ত্বকে চাপ না লাগে (নিচের দিকে টান না লাগে)।
৩.মুখে প্রসাধন দেওয়ার সময়ও নিচের দিকে টানবেন না।
৪. ভ্রু বা কপাল কোঁচকানোর অভ্যাসটি খারাপ। এতে বাড়ে বলিরেখা।
৫. রোদে চোখ কুঁচকে তাকাতে গিয়ে চোখের নিচের বলিরেখাকে নিজেই ডেকে আনতে পারেন। তাই রোদচশমা ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।
৬. ত্বকে কোনো কিছু দেওয়ার পর যদি চুলকানি বা অস্বস্তিকর অনুভূতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে তা ধুয়ে ফেলতে হবে আর সেটি পরেও ব্যবহার করা উচিত নয়। আফরোজা পারভীনের কাছে জেনে নেওয়া যাক নিজের যত্নের পুরোটা নিয়েই।
উজ্জ্বল জীবনের উজ্জ্বল মুখটা
ফেসপ্যাকের জন্য নিন মাঝারি আকারের পাকা সাগর কলার খোসা ২টি, ভিটামিন ই ক্যাপসুল ২টি, চালের গুঁড়া ১ টেবিল চামচ, গোটা টমেটো ১টি। ভালোভাবে ব্লেন্ড করে মিশ্রণ (কিংবা শুধু রসটা) লাগিয়ে নিন হাত বা ব্রাশের সাহায্যে। ১৫ মিনিট পর পানি ফেলুন। ১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ চা-চামচ হলুদগুঁড়া, আধা চা-চামচ মধু আর আধা চা-চামচ বাদাম তেল (না থাকলে জলপাই তেল) মিশিয়ে তৈরি করুন প্যাক। রোজ সম্ভব না হলেও এক দিন অন্তর ব্যবহার করুন। এই প্যাক পায়ের ত্বকের জন্যও ভালো।
পায়ের ত্বকে
প্যাক তৈরির জন্য নিতে হবে শসা (ছোট ১টি বা বড় শসার অর্ধেকটা, অর্থাৎ মোটামুটি ৩-৪ ইঞ্চি আকারের), পাকা কলা (২ ইঞ্চি আকারের), টক দই ১ টেবিল চামচ, বেসন ১ টেবিল চামচ ও বাদাম তেল আধা চা-চামচ। ব্লেন্ড করে পায়ে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। প্রতিদিন ব্যবহার করা যাবে। এই প্যাকও চাইলে হাতের ত্বকে প্রয়োগ করা যাবে।
চটজলদি হোক যত্ন
রোজ পুরো শরীরে ময়েশ্চারাইজার লাগাতে ভালো লাগছে না? তাহলে গোসলের একদম শেষ দিকে এসে মগের পানিতে তেল (ত্বকে যে তেল প্রয়োগ করতে চান) মিশিয়ে নিন। চুল আটকে নিয়ে শরীরে ঢেলে দিন এই পানি। এরপর তোয়ালে দিয়ে শরীর মুছতে হবে আলতোভাবে চাপ দিয়ে।
চুলের জন্য
সপ্তাহে ১-২ দিন মাথায় তেল মালিশ করুন। ৩-৪ রকম তেল (যেমন ক্যাস্টর অয়েল, জলপাই তেল, তিলের তেল, নারকেল তেল) সমপরিমাণে মিলিয়ে রেখে দিতে পারেন কৌটায়। কিংবা শুধু নারকেল তেলে কারি পাতা দিয়ে ফুটিয়েও নিতে পারেন। প্যাক তৈরি করতে নিন সমপরিমাণ আমলকী, হরীতকী, বহেরা। লাগবে টক দই (মিশ্রণের ঘনত্ব ঠিক করতে যতটা প্রয়োজন)। ব্লেন্ড করে নিয়ে মাথায় ও চুলে লাগানোর ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন, সপ্তাহে দুই দিন। একই দিনে তেল আর প্যাক লাগালে তেল মালিশের পর প্যাক লাগান।
চিরসবুজ পাতার মতন
নিজেকে সময় দিন। মাঝে মাঝে নিজেকে ছুটিও দিন, আয়েশ করুন। মনের যত্ন নিন। ভালো লাগার কাজে ডুবে থাকুন কখনো। বই পড়ুন। বাগান করুন। ছুটির দিনে ২০টি মিনিট আরামে শুয়ে থাকতে পারেন পছন্দের অডিও ক্লিপ শুনতে শুনতে, চোখের ওপর ঠান্ডা শসার স্লাইস রেখে। চোখের নিচের কালচে ছোপও কমবে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন। শরীরচর্চা করুন নিয়মিত। পুষ্টিকর খাবার খেতেই হবে। পর্যাপ্ত পানি খেতে ভুলবেন না। কাজ ও বিশ্রামের সময় সঠিক দেহভঙ্গি বজায় রাখুন (যেমন ঘাড়-কোমর নুইয়ে বা বাঁকিয়ে কাজ করা যাবে না, কম্পিউটারে কাজ করলে দেহভঙ্গি ঠিক রাখতে হবে)। আর থাকুন প্রফুল্ল











