দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করল তালেবান
অনলাইন ডেস্ক : তালেবান কাবুল দখলের পর আফগানিস্তানে সরকার গঠন নিয়ে ১৮ আগস্ট সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন হাক্কানি নেটওয়ার্কের নেতা আনাস হাক্কানি
তালেবান বাহিনী নতুন দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে। মন্ত্রী দুজন অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যদিও দেশটির সরকার এখনো গঠন করা হয়নি।
আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের বরাত দিয়ে রয়টার্স আজ মঙ্গলবার এ তথ্য জানায়।
খবরে বলা হয়, অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম ও নাজিবুল্লাহ হবেন গোয়েন্দাপ্রধান। এ ছাড়া কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে। আর রাজধানীর মেয়র হলেন হামদুল্লাহ নোমানি।
১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তৎপরতা শুরু করেছে তারা।
এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল তালেবান। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর হস্তক্ষেপে তারা ক্ষমতাচ্যুত হয়। ওই সময় শরিয়াহ আইন অনুসারে দেশ পরিচালনা করেছিল তারা। সে সময় নারীশিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এ ছাড়া নারীর একা বাইরে যাওয়া ও ঘরের বাইরে নারীর কাজ করার ওপর নিষেধাজ্ঞা ছিল। সে সময় চুরির অভিযোগ প্রমাণিত হলে অঙ্গচ্ছেদের বিধানও ছিল আফগানিস্তানে। তবে এবার ঠিক কেমন সরকার হবে, তা এখনো জানা যায়নি।











