রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা রাত লাইনে এক পরিবারের পাঁচ সদস্য

news-image

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাকেন্দ্রের বাইরে নারীদের লাইনে দ্বিতীয় সিরিয়ালে আছেন নূরজাহান সড়কের বাসিন্দা ফারজানা আক্তার। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে তাঁর সঙ্গে কথা হয়। জানান, লাইনের অষ্টম ও নবম স্থানে তাঁর মা জাহানারা বেগম ও বোন ফারহানা আক্তার। পাশেই পুরুষদের পৃথক লাইনে ফারজানার ভাই আসিফ রানা ও লিটন। আসিফের সিরিয়াল ২৫ নম্বরে। আর লিটনের ৪৯ নম্বর। তাঁরা সবাই একই পরিবারের সদস্য। করোনাভাইরাসের টিকা নিতে ফারজানা ও পরিবারের সদস্যরা গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে লাইনে দাঁড়ান। এর মধ্যে তাঁদের ভাই লিটন আসেন রাত দুইটায়। তাই তাঁর সিরিয়ালও পেছনে।

আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১ নম্বর এই ওয়ার্ডের টিকাকেন্দ্রে কথা হয় ফারজানার সঙ্গে। তিনি সরকারি একটি অধিদপ্তরে চাকরি করেন।
ফারজানা বলেন, ‘আগের দুই দিন ফজরের নামাজ পড়েই লাইনে দাঁড়াতে আসি। কিন্তু ওই সময়েই লাইনে কয়েক শতাধিক মানুষ দাঁড়িয়ে যায়। তাই আজকে রাতের খাওয়া শেষ করে কিছুটা বিশ্রাম নেওয়ার পরই রাত ১২টায় চলে আসি। তা–ও সামনে সাতজন সিরিয়ালে ছিল।’ তবে নিজের দ্বিতীয় সিরিয়ালে আসার বিষয়ে ফারজানা বলেন, ‘লাইনের দ্বিতীয় ব্যক্তি অসুস্থ হয়ে চলে গেছে। আমি অফিসে যাব, তাই অন্যদের বলে এই জায়গায় এসেছি। তবে মা ও বোন তাদের শুরুর সিরিয়ালেই আছে।’

আজ ভোর সাড়ে পাঁচটায় মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ফটকের বাইরে সীমানাদেয়াল ঘেঁষে নারী ও পুরুষের আলাদা দুটি লাইন। দুই পাশেই লাইনে দাঁড়িয়ে আছেন হাজারখানেক মানুষ। লাইনে দাঁড়ানো নারী ও পুরুষদের বেশির ভাগের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া বেশির ভাগ মানুষ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে

সরেজমিনে দেখা যায়, লাইনে দাঁড়ানো লোকজন কিছুক্ষণ পরপর নিজেদের মধ্যে চিৎকার ও বিশৃঙ্খলা করছেন। বিশৃঙ্খলা হচ্ছে লাইনের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা নিয়ে। একপর্যায়ে নারীদের লাইনে কয়েকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। কারণ হিসেবে জানা গেল, এক নারী আগে থেকেই সিরিয়ালে ছিলেন। মাঝে একবার শৌচাগারে যাওয়ার জন্য লাইন ছেড়ে বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার লাইনে আগের জায়গায় এসে দাঁড়াতে চাইলে অপেক্ষাকৃত পেছনে দাঁড়ানো ব্যক্তিরা প্রতিবাদ শুরু করেন। এ নিয়েই বাগ্‌বিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা কাউন্সিলরের নিজস্ব স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পরে আবার পুরুষদের লাইনেও জটলা করে বিশৃঙ্খলা করতে দেখা যায়।

লাইনে দাঁড়ানো ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় সবাই গত কয়েক দিন টিকা নিতে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু সিরিয়াল পেছনে হওয়ায় সুযোগ পাননি। তাই আজ আগের চেয়ে আরও আগে এসে লাইনে দাঁড়িয়েছেন, যাতে টিকা দেওয়া যায়।

নারীদের মধ্যে লাইনের প্রথম সিরিয়ালে ছিলেন গৃহিণী নাঈমা খানম। তিনি রাজিয়া সুলতানা সড়কের বাসিন্দা। রাত ১০টার দিকে তাঁর ছোট ভাই মো. মামুনকে তিনি লাইনে দাঁড় করিয়ে দিয়ে যান। ভোররাত চারটার দিকে নিজে এসে লাইনে দাঁড়িয়ে ভাইকে বিশ্রামে পাঠিয়ে দেন। তিনি বলেন, ‘রোববার ভোর পাঁচটায় এসেছিলাম। লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু সিরিয়াল অনেক পেছনে ছিল। তাই সেদিন টিকা পাইনি। গতকাল সোমবার আরও দুই ঘণ্টা আগে ভোররাত তিনটায় লাইনে দাঁড়াই। তবু পাইনি।’ তাই এবার রাত ১০টা থেকে সবার আগের সিরিয়ালটি রেখে দেন।

তবে আগের রাত থেকেই টিকার জন্য লাইনে দাঁড়িয়ে সিরিয়াল দিতে গিয়ে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন লাইনে দাঁড়ানো ব্যক্তিরা। তাঁরা বলছেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে বয়স্ক ও নারীদের বেশি কষ্ট হচ্ছে। এ ক্ষেত্রে অনেকেই নিজের স্ত্রী কিংবা বয়স্ক মা-বাবার জন্য লাইনে দাঁড়িয়ে সিরিয়াল দিচ্ছেন।
সকাল সাতটার দিকে ঢাকা উত্তর সিটির ৩৪ নম্বর ওয়ার্ডের টিকাদানকেন্দ্র রায়ের বাজার কমিউনিটি সেন্টারের সামনেও মানুষের লম্বা লাইন দেখা যায়। ওয়ার্ড কাউন্সিলরের স্বেচ্ছাসেবকেরা লাইনে দাঁড়ানো ব্যক্তিদের সামলাতে হিমশিম খাচ্ছেন। সামনের দিকে এসে স্বেচ্ছাসেবকদের সঙ্গে কাউকে কথা বলতে দেখলেই পেছন থেকে চিৎকার করছেন অন্যরা।

সকাল আটটার দিকে কেন্দ্রে এসে উপস্থিত হন ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন। তিনি এসে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘প্রতিদিন টিকা নির্দিষ্ট সংখ্যায় আমাদের হাতে আসে। এর বেশি টিকা দেওয়া সম্ভব নয়। অথচ আপনারা এটা বোঝার চেষ্টা করেন না। লাইনে দাঁড়িয়ে থাকেন। টিকা না পেলে অকথ্য ভাষায় স্বেচ্ছাসেবকদের গালিগালাজ করেন। আজকে তাই টিকার পরিমাণ অনুযায়ী লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের টোকেন দেওয়া হবে। যাঁরা টোকেন পাবেন না, তাঁদের আর লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। কারণ, তাঁদের আর আজকের দিনে টিকা দেওয়া সম্ভব নয়।’

এই কেন্দ্রে টিকা নিতে নারীদের লাইনে সিরিয়ালে প্রথম ছিলেন শংকর বালুর মাঠের বাসিন্দা রহিমা বেগম। তিনি বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। রাত ৮টার দিকেই ১৩ বছর বয়সী ছেলে বিজয়কে দিয়ে লাইনে সিরিয়াল দেওয়ান তিনি। রহিমা বলেন, ‘পোলাডারে লাইনে খাড়াইতে দিয়া নিজে বাসায় গেছি, রান্নাবাড়া ও খাওয়াদাওয়া কইরা ১০টার দিকে এহানে আইছি। বাসা থেকে পোলাডার লাইগাও খাওন আনছি। সে (ছেলে) সারা রাত আমার সঙ্গে এইহানেই ছিল। কতক হে খাড়াইছে, কতক আমি।’