রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে দুর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা, মরদেহ হস্তান্তর

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে কেটিসি হানিফ বাসের চালককে একমাত্র আসামি করে মামলা করেছে কাটাখালী থানার পুলিশ। মামলার বাদী হয়েছেন এসআই নূর মোহাম্মদ।

মামলায় বাদী দাবি করেছেন, কেটিসি হানিফ বাসের চালক (অজ্ঞাতপরিচয়) বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ঢাকা যাওয়ার পথে মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ১৭ জনের প্রাণহানি ঘটে। পেনাল কোডের ২৭৯/৩৩৮-ক/৩০৪-খ ধারার অপরাধ।

এদিকে, কাটাখালীর ওই দুর্ঘটনার শিকার মাইক্রোবাসের ১৮ যাত্রীর মধ্যে একজন বেঁচে আছেন।

চালকসহ বাকি সকল যাত্রীই মারা যান। বেঁচে থাকা যাত্রীর নাম পাভেল (১৭)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার ডারিকাপাড়া এলাকায়।

এই দুর্ঘটনায় তার বাবা মোখলেসুর রহমান ও মা পারভিন বেগম মারা গেছেন। পাভেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, পাভেলের অবস্থা আগের থেকে ভালো। তবে, তার মাথার অবস্থা নিশ্চিত হওয়ার জন্য আজ সিটিস্ক্যান করা হয়েছে।

শনিবার সকাল থেকে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের একটি টিম এটি তদারকি করছেন। আরএমপির অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মাইক্রোর ভেতরে পুড়ে মারা যাওয়া ১১ যাত্রীর চেহারা বিকৃত হয়ে গেছে। তাদের শনাক্ত করা যাচ্ছে না। এ জন্য সকাল থেকে ডিএনএ সংগ্রহ করার কাজ শুরু হয়।

এ ছাড়া যে ৬জনের মরদেহ চেনা যাচ্ছে তাদের হস্তান্তরের প্রক্রিয়াও চলছে। তবে, এ প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৭জন নিহত হন। দুপুর পৌনে ২টার দিকে কাটাখালীর কাপাশিয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এদের মধ্যে ১১জনের মরদেহ মাইক্রোবাসের ভেতর থেকে উদ্ধার করা হয়। আর ৬জনকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। ১৭ জনের বাড়িই রংপুরের পীরগঞ্জ এলাকায়। তারা এক সঙ্গে মাইক্রোযোগে রাজশাহীতে বেড়াতে আসছিলেন।

রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় মাইক্রোবাসটি রাজশাহীর দিকে আসছিল। এ সময় কাটাখালী থানার সামনে কাপাশিয়া এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর হানিফ বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়।

অন্যদিকে, সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে যায় এবং সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রাস্তার উপরেই সেটিতে আগুন ধরে যায়। মাইক্রোবাসের ভেতরে পুড়ে মারা গেছেন ১১জন। আর আগুন লাগার আগেই ছিটকে পড়া ৭ জনকে রাজশাহী মেডিকেল হলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান ৬জন।