রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবেয়া-রোকাইয়া বাড়ি ফিরল

news-image

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চিকিৎসা শেষে সাড়ে তিন বছর পর বাড়ি ফিরল জোড়া মাথা আলাদা হওয়া শিশু রাবেয়া-রোকাইয়া। সোমবার বিকেলে বাবা-মায়ের সঙ্গে পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের বাড়িতে পৌঁছার পর তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় স্বজন-প্রতিবেশী।

বিকেল সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটি বাড়ির উঠানে গিয়ে থামে। আগে থেকেই তাদের একনজর দেখতে ভিড় জমায় আশপাশের বহু মানুষ। রাবেয়াকে কোলে নিয়ে বাবা রফিকুল ইসলাম এবং রোকাইয়াকে কোলে নিয়ে মা তাসলিমা খাতুন যখন গাড়ি থেকে নামলেন, তখন সবার চোখে-মুখে খুশির ঝিলিক। এলাকাবাসী আর স্বজনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তারা। দুই বোনের মধ্যে রোকাইয়া কিছুটা নিষ্প্রভ থাকলেও, রাবেয়ার মুখে হাসি লেগেই ছিল। সেই হাসি আনন্দ ছড়িয়েছে সবার প্রাণে। বাবা-মায়ের সঙ্গে হেঁটেই নিজের ঘরে যায় সে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ জুন সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় জোড়া মাথার যমজ শিশু রাবেয়া-রোকাইয়া। ২০১৭ সালের ৫ জুলাই ‘জোড়া মাথার শিশু নিয়ে দুশ্চিন্তায় শিক্ষক দম্পতি’ শিরোনামে সমকালে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রচার করে অন্যান্য গণমাধ্যমও। জানতে পেরে রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সিএমএইচে দীর্ঘ চিকিৎসায় ৪৮টি জটিল অস্ত্রোপচারের পর আলাদা করা সম্ভব হয় রাবেয়া-রোকাইয়াকে।

স্থানীয়রা জানান, তারা কখনও ভাবতে পারেননি জোড়া মাথার রাবেয়া-রোকাইয়াকে আলাদা করা সম্ভব। এই অসম্ভব কাজ সম্ভব হওয়ায় খুশি তারা।

বাবা রফিকুল ইসলাম বলেন, জোড়া মাথার যমজ শিশু জন্মের পর আমাদের মাঝে হতাশা নেমে আসে। অনেকে অনেক রকম কথা বলেছে। কটু কথাও শুনতে হয়েছে। কিন্তু এখন সেই শিশুদের জন্য আজ সারাবিশ্বে আমি পরিচিত। বাবা হিসেবে আমি গর্বিত। প্রধানমন্ত্রী, চিকিৎসকসহ গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাদের ধন্যবাদ জানান তিনি।

মা তাসলিমা খাতুন বলেন, এর পরও যদি দেশে কারও জোড়া মাথার যমজ সন্তান জন্ম হয় তাদের বলব, আপনাদের ভয় নেই। জোড়া মাথা আলাদা করা আর কঠিন কিছু নয়। আমাদের অশেষ কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীসহ চিকিৎসকদের প্রতি।

রাবেয়া-রোকাইয়ার আসার খবরে তাদের বাড়িতে ছুটে যান চাটমোহরের ইউএনও সৈকত ইসলাম। তিনি বলেন, উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবে।