নড়াইলে বাথরুম থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
নড়াইল সংবাদদাতা : নড়াইল সদর থানার পাশে একটি ভাড়া বাড়ির বাথরুম থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ডিউটি করে বাসায় ফিরলেও আজ বুধবার তার কোনো খোঁজ না পেয়ে দুপুরে বাসার দরজা ভেঙে বাথরুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি সদর থানার অধীনে দুই নম্বর (পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে) বিটে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, এসআই মো. শফিউদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলার চান্দুখালি গ্রামে। তার পরিবার সেখানে অবস্থান করায় তিনি চাকরির সুবাদে একাই নড়াইলে বসবাস করতেন। ২০১৮ সালের ১৮ আগস্ট এসআই শফিউদ্দিন নড়াইল সদর থানায় যোগদান করেন।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান মুক্ত বলেন, ‘আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে পুলিশ এসআই শফিউদ্দিন নামের একজনকে নিয়ে আসে। আমি পরীক্ষা করে দেখেছি তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। পরবর্তী পদক্ষেপের জন্য আবাসিক মেডিকেল অফিসারকে অবগত করেছি।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, ‘গতকাল রাত ৮টা পর্যন্ত তিনি ডিউটি করেছেন। বাসা থেকে স্বাভাবিক মৃত্যু ঘটেছে এটাই এথন পর্যন্ত জানা গেছে, পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।’
তিনি জানান, আজ বুধবার রাত ৮টায় নড়াইল পুলিশ লাইনে জানাজা শেষে তার মরদেহ নিজ বাড়ি ঝিনাইদহ জেলার চান্দুখালি গ্রামে নিয়ে যাওয়া হয়।











