রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীকে যথাযথ সম্মান প্রদর্শন করবে : শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : ‘নারীকে তাঁর যথাযথ সম্মান প্রদর্শন করবে’—নিজের চালু করা ইউটিউবের একটি ভিডিও বার্তায় শাকিব খানের শেষ কথাটি এমন ছিল। ‘নবাব এলএলবি’ ছবি নিয়ে কথা বলতে গিয়ে এ কথা বলেন দেশের জনপ্রিয় এই নায়ক।

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শাকিব খান, মাহিয়া মাহী ও স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএলবি’। এই ছবির মধ্য দিয়েই প্রথমবার শাকিব খানের কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে!

এই ছবির মূল কাহিনি আবর্তিত হয়েছে ধর্ষণ ও নারীর অধিকারকে কেন্দ্র করে। এরই প্রচারণার অংশ হিসেবে নিজের চালু করা ইউটিউব চ্যানেল ‘শাকিব খান’ থেকে ৪ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন।

ভিডিও বার্তায় করোনার মধ্যে শুটিং করা তাঁর নতুন ছবিটি দেখতে সবাইকে আহ্বান জানান এই নায়ক। তিনি ফেসবুকে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরাই শক্তি, তোমরাই সাহস, তোমারই আমার সকল অনুপ্রেরণা। শুধু তোমাদের ভালোবাসার টানে সব প্রতিকূলতা পাশ কাটিয়ে কাজ করে যাচ্ছি। এই করোনায়ও সুরক্ষাবিধি মেনে শুটিং করলাম নতুন একটি সিনেমার। আমাদের সেই প্রয়াস “নবাব এলএলবি” মুক্তি পাচ্ছে ১৬ ডিসেম্বর। আশা করছি, ছবিটি তোমাদের ভালো লাগবে।’

এসকে ফিল্মস নামে শাকিব খানের আরেকটি ইউটিউব চ্যানেল আছে। যেখানে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত বিভিন্ন ছবির গান, বিহাইন্ড দ্য সিন রয়েছে। এর বাইরে নিজের নামে চালু করা ইউটিউবে তাঁর নিজস্ব মতামত, নানা বিষয়ে প্রতিক্রিয়া, শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন, ট্র্যাভেল ভ্লগ প্রকাশ করা হবে বলে জানালেন।

এদিকে গতকাল রোববার সন্ধ্যায় ‘নবাব এলএলবি’ সিনেমার একমাত্র রোমান্টিক গান ‘বিলিভ মি’ মুক্তি পেয়েছে ইউটিউবে। দোলন মৈনাকের সংগীতে গানটির কথা লিখেছেন ছবির পরিচালক অনন্য মামুন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও ইমরান। এর আগে মুক্তি পেয়েছে এই ছবির আইটেম গান ‘জাস্ট চিল’। এই গানে শাকিব খানের সঙ্গে অভিনয় পর্দায় দেখা গেছে হৃদি শেখকে। ‘নবাব এলএলবি’ ছবিতে শাকিব খান, মাহিয়া মাহী ছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, শবনম, সুমন আনোয়ার, শাহেদ আলী প্রমুখ।

শাকিব খান বললেন, ‘আমার চিন্তাচেতনায় শুধুই চলচ্চিত্র। কারণ, এই চলচ্চিত্রই আমাকে দেশে ও দেশের বাইরে থেকে মানুষের উজাড় করা ভালোবাসা দিয়েছে। এসব আমাকে অনেক বেশি দায়িত্বশীল করেছে এই চলচ্চিত্রের প্রতি। তাই যা করি, যা ভাবি, সবটুকুই সিনেমার মাধ্যমেই। সমাজের অসংগতি, দেশপ্রেম, অপরাজনীতি, সবই এই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি।’

‘নবাব এলএলবি’ প্রসঙ্গে শাকিব খান বললেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, নারী নির্যাতন বেড়ে গেছে। তো সেটার প্রতিবাদ করার জন্য, পশুরূপী মানুষের বিবেক জাগ্রত করার জন্য আমার তো অন্য কিছু করার নেই। সিনেমার মাধ্যমে পারি মানুষের বিবেককে জাগ্রত করতে। “নবাব এলএলবি”তে তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যাদের বিবেক এখনো মরে যায়নি, তাদের একটু হলেও নাড়া দেবে এই ছবিটি। ধর্ষণের শিকার বোন অত্যাচারিত হওয়ার পরও পারিবারিক ও সামাজিকতার ভয়ে অনেক সময় মুখ ফুটে নির্যাতনের কথা বলতে পারেন না। এই ছবিটি সেই বোনদের শক্তি জোগাবে, সাহস জোগাবে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী