শিরোপায় চোখ তিন অধিনায়কেরই
স্পোর্টস ডেস্ক : বিসিবি প্রেসিডেন্ট’স কাপ দিয়ে রবিবার প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরতে যাচ্ছে দেশে। করোনার কারণে সেই মার্চ থেকেই বন্ধ ছিল ব্যাট-বলের লড়াই। তিন দলের ওয়ানডে টুর্নামেন্টটি দিয়ে ফুরোচ্ছে ৭ মাসের অপেক্ষা।
ফলে ক্রিকেটাররাও যেমন মাঠে লড়তে মুখিয়ে, তেমনি মুখিয়ে আছেন দর্শকরাও। টুর্নামেন্ট শুরুর আগে তিন দলের অধিনায়কও প্রতিশ্রুতি দিয়েছেন জমজমাট লড়াইয়ের।
তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত তিনজনেরই চোখ শিরোপায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় আয়োজিত এই আসরে খেলবেন জাতীয় দল, এইচপি দল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ীদের থেকে নির্বাচিতরা। আগেই ঘোষিত হয়েছে তিন দলের স্কোয়াড। সব খেলোয়াড়রা এরই মধ্যে ঢুকে গেছেন বায়ো সিকিউর বাবল বলয়ে।
শনিবার হোটেল সোনারগাঁওয়ে হয়ে গেল আসরের ট্রফি উন্মোচন। যেখানে উপস্থিত তিন অধিনায়কের কণ্ঠেই মিলল আসরটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার প্রত্যয়।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যেমন বলছিলেন, ‘অনেক দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে আসছি। প্রতিদ্বন্দ্বিতামূলক একটা আসর হবে। স্রেফ ক্রিকেটে ফিরে আসছি, এই চিন্তা না করে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে অনেক কিছু পেতে পারি। কেউ যদি ভালো ব্যাটিং করে, ভালো বোলিং পারফরম্যান্স করে, তার জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে। এটা সুযোগ সবার জন্য, এই টুর্নামেন্টে পারফর্ম করে নিজের জায়গাটা তৈরি করে নেওয়ার।’
নিজেদের মধ্যে খেলা বলে এই টুর্নামেন্টকে শুধু মাত্র প্রস্তুতি ম্যাচের আবহে দেখতে নারাজ তামিম যোগ করে বলেন, ‘আমার কাছে মনে হয় না যে কেউ এটাকে প্র্যাকটিস ম্যাচ বা সাধারণ টুর্নামেন্ট হিসেবে নেবে। আমরা যতটুকু জাতীয় দলে সিরিয়াস থাকি, বাংলাদেশের হয়ে ম্যাচ খেলার সময়, ওই লেভেলের প্রতিদ্বন্দ্বিতা থাকবে।’
তিন অধিনায়কের মধ্যে সবচেয়ে তরুণ নাজমুলও বেশ আশাবাদী টুর্নামেন্টটি হবে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বলছিলেন, ‘আশা করছি, খুব ভালো একটা সিরিজ হবে। প্রত্যেকটি দলই ভালো। প্রত্যাশা অনেক উঁচুতে। আমাদের যে দলটা হয়েছে, অবশ্যই আমাদের পরিকল্পনা থাকবে চ্যাম্পিয়নশিপের জন্যই খেলব। আশা করছি যদি সহজাত খেলা আমরা খেলতে পারি, ভালো কিছুই হবে।
আরেক অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে ফুটে উঠল ব্যাট-বলের লড়াইয়ে ফেরার আনন্দ। তার কথায়, ‘ভালো লাগছে। কারণ মাঠের মানুষ আমরা, মাঠে ফিরছি। এত দিন প্র্যাকটিস করছিলাম। ওটার একটা আনন্দদায়ক অনুভূতি ছিল। এখন প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা চালু হচ্ছে, খুবই ভালো লাগছে। দিন শেষে এটাই আমাদের কাজ, ভালোবাসার জায়গা।’ মাহমুদউল্লাহও আসরে চ্যাম্পিয়ন হওয়ার আশার কথা বলেছেন।
এদিকে বিসিবিও টুর্নামেন্টটিকে যতটা সম্ভব আকর্ষণীয় করতে তৎপর। খেলোয়াড়দের জন্য প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট বিসিবির জন্য একরকম পরীক্ষা বলা চলে। দেশে ক্রিকেট ফেরানোর পরীক্ষামূলক টুর্নামেন্ট এটি।
তবে এমন টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন-রানার্সআপের জন্য থাকছে প্রাইজমানি। প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়, টুর্নামেন্ট সেরা, সেরা বোলার ও সেরা ব্যাটসম্যানের জন্যও থাকছে পুরস্কার।
দিবা-রাত্রির সব ম্যাচ নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেজে সরাসরি স্ট্রিমিং করা হবে বলে জানিয়েছে বিসিবি। এ ছাড়া বাংলাদেশ বেতার খেলার ধারাবিবরণী প্রচার করবে।











