কৃষকের বাড়ি গিয়ে ধান কিনলেন নীলফামারীর জেলা প্রশাসক
কৃষকের বাড়িতে গিয়ে ধান কিনলেন নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিণ।রোববার (১৯ মে) বিকেলে জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি এলাকার নারী কৃষক রুবি বেগমের বাড়িতে গিয়ে এক মেট্রিক টন ধান কিনেন তিনি।এ সময় তাৎক্ষণিকভাবে ধানের মূল্য কৃষকের কাছে চেকের মাধ্যমে পরিশোধ করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিণ বলেন, সরকার কৃষকের স্বার্থ রক্ষায় বদ্ধ পরিকর। পুরুষদের পাশাপাশি নারীরাও ধান আবাদ করেছেন। তাদের আমরা মূল্যায়ন করতে চাই। তারা পিছনে পড়ে থাকেন। প্রান্তিক নারী এসব কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে নীলফামারীতে।
তিনি আরও জানান, শুধু খাদ্য গুদাম নয় জেলার বড় বড় হাটে বাজারে কেন্দ্র করে ধান চাল সংগ্রহ করা হবে।কৃষক রুবি বেগম জানান, আমরা কৃষক পরিবার। পরিবারের সবাই ধান আবাদ করে থাকি। স্বামীও এ কাজে জড়িত। এর আগে কখোনো বাড়িতে ধান কিনতে আসে নি কেউ, এবারে প্রথম। ঝুট ঝামেলা ছাড়াই ধান দিতে পেরে আমি খুব খুশি।
পরে সেখান থেকে নীলফামারী খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি, বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আবুল কাশেম আযাদ, জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।
নীলফামারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ধান চাল ব্যবসায়ী আজিজুল ইসলামের কাছ থেকে ৫ মেট্রিক টন এবং শামসুল হকের কাছ থেকে দশ মেট্রিক টন এবং কৃষক মজিবর রহমানের কাছ থেকে ১২ মণ ধান সংগ্রহ করা হয় উদ্বোধনী দিনে। সেখানে ফিতা কেটে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি জানান, জেলায় বোরো মৌসুমে ৬১৬ মেট্রিক টন আতপ চাল, ১৭ হাজার ৯৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ২৬১২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।তিনি জানান, ধান প্রতি কেজি ২৬ টাকা, সিদ্ধ চাল ৩৬ টাকা এবং আতব চাল ৩৫ টাকা কেজিতে সংগ্রহ করা হবে।










