মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা এখন ফাঁকা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে কমে গেছে মানুষ। রাস্তায় যানবাহনও কম। গণপরিবহন যা আছে সেগুলোতেও যাত্রীর ভিড় নেই তেমন। যানজট তো দূরের কথা, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। গতকাল শুক্রবার থেকে নির্বাচনের দিন মিলিয়ে অনেকেই টানা তিন দিনের ছুটি পেয়ে পরিবার-পরিজন নিয়ে চলে গেছেন গ্রামের বাড়িতে। এ কারণে রাজধানীতে চলছে অন্য রকম এক ছুটির আমেজ।

মিরপুর-১২ নম্বর সেকশন থেকে বাসে নতুন বাজারে যেতে অন্যান্য সময় শুক্রবারেও ঘণ্টাখানেক লাগে। ১৮ কিলোমিটার দীর্ঘ পথে স্থানে স্থানে থামিয়ে যাত্রী তোলে বাসের চালক। গতকাল ছিল ভিন্ন চিত্র। দুপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১১-৪১৫৪) মিরপুর থেকে নতুন বাজারে পৌঁছা গেল ২০ মিনিটেই। পথে পথে যাত্রী নেই। বাসের ভেতরে মাত্র চারজন যাত্রী। বাসের চালক মো. সিরাজুল ইসলাম নতুন বাজারে নামিয়ে দেওয়ার আগে কালের কণ্ঠকে বলেন, ‘ভুডের লাগি সব চলি গেছে গ্রামে।’

গতকাল সকালে যাত্রীর ভিড় ছিল রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও সদরঘাটে। ভোটের আগের দুই দিন সাপ্তাহিক ও নির্বাচনের দিন সরকারি ছুটি থাকায় ভোট দিতে তারা যাচ্ছিল নিজ নিজ গ্রামের বাড়ি। রিকশাচালক মো. ফরিদ রংপুরের পীরগঞ্জের ভোটার। গতকাল বিকেলে নর্দায় তিনি জানালেন, রাতেই রওনা দেবেন বাসে। কারণ এরপর বাস না-ও পেতে পারেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল রবিবার। এ উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল করবে না শনিবার মধ্যরাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টা। তবে নির্বাচন কমিশনের (ইসি) স্টিকার লাগানো মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি চলতে পারবে। ফলে ভোটের টানে বাড়ি যাওয়ার পর্ব শেষ হচ্ছে আজ শনিবার। নির্বাচন উপলক্ষে টানা তিন দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ভোটের দিন সাধারণ ছুটি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বাড়ি গাজীপুর জেলায়। তিনি ভোটার গাজীপুর সদর আসনের। আজ আগেভাগেই তিনি পৌঁছাবেন নির্বাচনী এলাকায়। তিনি কালের কণ্ঠকে বললেন, ‘১৯৭০ সাল থেকে এ পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচন আমি দেখেছি। মহাসড়কে গাড়ি চলাচল করতে দেখেছি। এবার একটু ভিন্ন অবস্থা দেখছি। মহাসড়কসংলগ্ন নির্বাচনী এলাকায় ভোট দিতে আগেভাগেই চলে যাচ্ছেন ভোটাররা।’

ময়মনসিংহ যাওয়ার জন্য বাসের অপেক্ষায় মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়েছিলেন সবুজ নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি ময়মনসিংহে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘তিনদিন ছুটি পেয়েছি ভাই। ভোট দিব। তাই বাড়ি যাচ্ছি।’

সায়েদাবাদে বাসের জন্য অপেক্ষা করছিলেন কুমিল্লার শিমুল। একই টেলিভিশন চ্যানেলকে তিনি বলেলেন, ‘বাড়ি যাচ্ছি ভাই। ভোট দিব।’ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করা আরেক ব্যক্তি বলেন, ‘আমরা তো যাচ্ছি ভোট দিতে। কাম সাইরা, বাড়িতে যাচ্ছি ভোট দিতে।’ আবুল হাসনাত নামের এক চিকিৎসক জানান, তিনি ঢাকার মিরপুরে থাকেন। সপ্তাহে পাঁচদিন নারায়নগঞ্জে চেম্বারে যান রোগী দেখতে। অন্যান্য দিন মিরপুর থেকে নারায়নগঞ্জে যেতে ৩ ঘণ্টার লাগে তাঁর। কিন্তু গতকাল এক ঘণ্টার মধ্যে পৌঁছে গেছেন তিনি। শাকিল নামের এক ব্যক্তি জানান, তিনি বারিধারায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। শুক্রবারেও অফিস করতে হয় তাঁকে। অন্য সময় যানজট থাকে ছুটির দিনেও। তবে গতকাল রাস্তাঘাট ছিল একবারে ফাঁকা। গাড়িও কম। তাই দীর্ঘ সময় গাড়ির জন্য অপেক্ষা করতে হয়েছে তাঁকে। শাকিল বলেন, ‘ভোটের আগে তিনদিন বন্ধ হওয়ায় অনেকে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। এছাড়া অনেকে গ্রামের ভোটার, তাই ভোট দেওয়ার জন্য বাড়িতে চলে গেছেন।’

এদিকর নির্বাচনের কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঘরমুখো অতিরিক্ত যাত্রীর চাপ পড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে গতকাল সকাল থেকেই দেখা যায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ। এতে নৌ রুটের উভয় পারে ফেরি পারাপারে অপেক্ষায় ছিল পাঁচ শতাধিক যানবাহন। অপেক্ষায় থেকে যাত্রীদের দুর্ভোগ সীমা ছাড়িয়ে যায়।

বিআইডাব্লিউটিএ ও বিআইডাব্লিউটিসির ঘাট কর্মকর্তারা জানান, মূলত ৩০ ডিসেম্বের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকা শহরে বসবাসরত দক্ষিণাঞ্চলের অনেক মানুষ গ্রামের বাড়ি যাচ্ছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুট হয়ে। শুক্র, শনি ও রবিবার সরকারি ছুটি হওয়ায় এ নৌ রুটের লঞ্চ ও ফেরিগুলোতে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। যাত্রীবাহী ৮৭টি লঞ্চ, আড়াই শতাধিক সি-বোট যাত্রী পারাপারে ব্যস্ত এ নৌ রুটে।