মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় পুলিশ কর্মকর্তার মৃত্যু, কাঁদলেন মাশরাফি

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী প্রচারণায় নিরাপত্তায় থাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মিন্টু (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে মাশরাফি ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন।

মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে। মনিরের তানহা (৮) নামে এক সন্তান রয়েছে।
ডিবি পুলিশের এক সদস্য জানান, মাশরাফির নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে দুপুরে জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে মাশরাফির শ্বশুর বাড়ি এলাকায় যান প্রচারণার কাজে।

এসময় নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত নড়াইল ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মিন্টুর বুকে ব্যথা শুরু হয়। তখনই তাকে মাশরাফির গাড়িতে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিন জিসান জানান, হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

অসুস্থতার পর মাশরাফি পরবর্তী কর্মসূচি স্থগিত করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।