নির্বাচন নয়, আমি সিনেমাই করবো: শাকিব খান
এমন গুজব বেশ কিছুদিন ধরেই চলছে ঢালিউডের বাতাসে। গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের হয়ে তিনি এমপি নির্বাচন করবেন বলে খবর রটিয়েছে কেউ কেউ। তবে একবাক্যে এ গুজব অস্বীকার করে ঢালিউড সুপারষ্টার শাকিব খান বলেছেন, নির্বাচন নয়, আমি সিনেমাই করবো।
শাকিব খান বলেন, ‘এ মুহূর্তে আমার নির্বাচন করার কোনো ইচ্ছে নেই। এখন আমার চলচ্চিত্র করার সময়। আমি আমার কাজে সময় দিচ্ছি। আমি স্বপ্ন দেখি বাংলাদেশে বসে বিশ্বমানের ছবি নির্মাণ করব। আমি সেই চেষ্টা করে যাচ্ছি। যখন চলচ্চিত্রে আমার কাজ করতে হবে না, সেই সময় এসব নিয়ে ভাবব।’
শাকিব খান বলেন, ‘একটা সময় বোম্বেতে যে প্রযুক্তি ছিল, আমাদের এফডিসিতেও সেই প্রযুক্তি দিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। কিন্তু আমরা যুগের সঙ্গে তাল মেলাতে পারিনি। প্রযুক্তির দিক থেকে আমরা পিছিয়ে আছি। কিছু মেশিন এফডিসিতে আনা হয়েছে, তার বেশির ভাগই ব্যবহার করার মতো মানুষ নেই। যে কারণে আমরা গতানুগতিক কাজের বাইরে আসতে পারছি না।’
ঢালিউড কিং শাকিব খান বলেন, ‘আবার যৌথ প্রযোজনার ছবিতে কাজ করে কয়েকজন কলাকুশলী তৈরি হয়েছে। তাঁরা ভালো কাজ করছেন। একসময় কিন্তু কলকাতার টেকনিশিয়ানরা কাজ শিখেছে তামিল, বোম্বের ইন্ডাস্ট্রি থেকে। দেখা গেছে তাদের ছবি যখন পিছিয়ে গিয়েছিল, তখন তারা তামিল, বোম্বে থেকে টেকনিশিয়ান এনে কাজ করেছে। সেখান থেকে তারা কাজ শিখেছে। পরে তারা নিজেরা সেই প্রযুক্তি নিয়ে কাজ করেছে। আশা করি, আমাদের টেকনিশিয়ানরাও ভালো কাজ করবেন।’
শাকিব খান বলেন, ‘আমি গত কয়েকদিন ধরে এফডিসিতে শুটিং করছি। খেয়াল করে দেখলাম, অনেকেরই চেহারা মলিন হয়ে আছে! কারণ তাদের হাতে কাজ নেই। সংসারও চলছে না ঠিকঠাক মতো। এরা ইন্ডাস্ট্রির প্রতি অনেক অন্যায় ও জুলুম করে ফেলছে। ওপরে তো একজন আছেন, তিনি তো সব দেখছেন।’
ঢালিউড কিং বলেন, ‘আমাদের একজন জ্যেষ্ঠ শিল্পী আর কয়েকজন জুনিয়র মিলে ইন্ডাস্ট্রির এ অবস্থা তৈরি করেছে। এখন আমাদের পুরনো যে প্রযোজকরা আছে, তারা বিনিয়োগ করতে ভয় পায়। আর নতুনরা তো আসতেই চায় না।’
তিনি বলেন, ‘এখন কয়টা ছবির শুটিং হচ্ছে? সব মিলিয়ে ৫-৬টা। এত বড় একটা দেশ, অথচ মাত্র এই কয়েকটা ছবির শুটিং হচ্ছে! আমার যারা সহকর্মী আছে, তাদের হাতেই বা কয়টা ছবি আছে! যখন অ্যানালগ ছবির সময় ছিল, তখনো ১০-১৫টা ছবির শুটিং হইত। শুধু এই ভীতিকর অবস্থার কারণে প্রযোজকরা বিনিয়োগে আগ্রহী হয় না।’
শাকিব খান বর্তমানে ‘শাহেন শাহ’ ছবিতে অভিনয় করছেন। শামীম আহম্মেদ পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত।











