মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে চার্জগঠন

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর মামলায় জাবালে নূর বাসের চালক ও মালিকসহ ছয় জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস কারাগারে থাকা চার আসামিরা অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আসামিরা অভিযোগ অস্বীকার করায় আগামী ১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

চার্জগঠনকৃত আসামিরা হলেন- জাবালে নূর বাসের মালিক মো. শাহদাত হোসেন আকন্দ (৬০), চালক মাসুম বিল্লাহ (৩০), হেল্পার মো. এনায়েত হোসেন (৩৮) ও চালক মো. জোবায়ের সুমন (৩৬) এবং বাস মালিক মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও হেল্পার মো. আসাদ কাজী (৪৫)। আসামিদের মধ্যে প্রথম চার জন কারাগারে এবং শেষের দু’জন পলাতক।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, দণ্ডবিধির ২৭৯/৩০৪/৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। যার মধ্যে ২৭৯ ধারায় মানুষের জীবন বিপন্ন হতে পারে এরূপ বেপরোয়া গাড়ি চালানোর জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড এবং ৩০৪ ধারায় খুন বলে গণ্য নয় এরূপ নরহত্যার জন্য যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড বা যেকোনো বর্ণনার কারাদণ্ড যা ১০ বছর পর্যন্ত হতে পারে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ দণ্ডবিধির ২৭৯, ৩২৩, ৩২৫, ৩০৪ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশ উত্তর ক্যান্টনমেন্ট জোনাল টিমের ইন্সপেক্টর কাজী শরীফুল ইসলাম।

চার্জশিটে বলা হয়, গত ২৯ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে আগারগাঁও তালতলা থেকে আব্দুল্লাহপুরের উদ্দেশে ঢাকা মেট্টো ব- ১১- ৯২৯৭ বাসটি ছেড়ে আসে। ঢাকা মেট্টো- ব ১১-৭৬৫৭ বাসটি সকাল ১০টা ৩০ মিনিটে এবং ঢাকা মেট্টো- ব ১১-৭৫৮০ বাসটি সকাল ১০টা ৪৫ মিনিটে মিরপুর আনসার ক্যাম্প হতে বাড্ডা নতুন বাজারের উদ্দেশে ছেড়ে আসে। বাসগুলো ক্যান্টনমেন্ট থানাধীন ইবি চত্ত্বরে সকাল ১১টা ৪৫ মিনিটে একত্রিত হওয়ার পর ঢাকা মেট্টো- ব ১১-৭৫৮০ পেছনে পড়ে যায়। অপর বাস দুটি পাল্লাপাল্লি ও রেশারেশি করে বেশি যাত্রী ও বেশি ভাড়া পাওয়ার আশায় দ্রুত ও বেপরোয়া গতিতে চালাতে শুরু করে।

এ সময় জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢাল থেকে প্রতিদিনের ন্যায় অপেক্ষমান যাত্রী ওঠানোর জন্য রেশারেশি অব্যাহত রাখে। যার কারণে বাস দুটি একে অপরকে চার বার অভারটেকিং করে। বেপরোয়া গতিতে চালানোর কারণে আসামি মাসুমের চালিত বাস ফ্লাইওভারে ঢালে রেলিং ও ওয়ালের সঙ্গে ঘষা বা আঘাত লাগায়। ওই সময় যাত্রীরা বাসটি সাবধানে চালানোর জন্য ড্রাইভার ও হেল্পারদের অনুরোধ ও ডাক চিৎকার করে। উক্তরূপ দ্রুত বেপরোয়া বাস চালানোর জন্য তাতে কেউ গুরুত্বর যখম ও মারা যেতে পারে তা জেনেও তারা দ্রুত বেপরোয়া গতিতে বাস চালাতে থাকে। এক পর্যায়ে আসামি জোবায়ের কর্তৃক চালিত ঢাকা মেট্টো- ব ১১-৭৬৫৭ বাসটি মাসুম বিল্লাহ চালিত ঢাকা মেট্টো- ব ১১-৯২৯৭ বাসটিকে পেছনে ফেলে ফ্লাইওভারের ঢালের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে ডান দিকে রাস্তা ব্লক করে যাত্রী ওঠাতে থাকেন। মুহূর্তের মধ্যে মাসুম বিল্লাহ চালিত বাসটি ডান দিক দিয়ে যেতে না পেরে স্বেচ্ছাকৃতভাবে বাম দিকে দিয়ে যেয়ে বাসের জন্য অপেক্ষমান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪/১৫ জন ছাত্র ছাত্রীর উপর ১১টা ৩০ মিনিটে তুলে দেয়। যার কারণে ১৩/১৪ জন ছাত্র ছাত্রী গুরুত্বর আহত হয়। যাদের মধ্যে উক্ত কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজীব মারা যায়।

এছাড়া এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সোহেল রানা, দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান চৌধুরী, মেহেদী হাসান জিসান, রাহাত, সজিব, জয়ন্তি, প্রথম বর্ষের ছাত্রী রুবাইয়া, এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃপ্তাসহ আরও কয়েকজন গুরুত্বর আহত হয়।

গত ২৯ জুলাই দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানায় নিহত একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম এ মামলা দায়ের করেন।