‘#মিটু’ আন্দোলন: চার ছবির ভবিষ্যৎ অনিশ্চিত
বিনোদন ডেস্ক।।
হাউসফুল ৪ : ‘হাউসফুল’ সিরিজের চতুর্থ কিস্তি ‘হাউসফুল ৪’। ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি পরিচালনা করছিলেন সাজিদ খান। তিনজন নারী এ পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। এমনকি বলিউড অভিনেত্রী বিপাশা বসু অভিযোগ করেন, সাজিদ সেটে নানা অশ্লীল কথা বলতেন। ‘#মিটু’ অভিযানে সাজিদের নাম উঠে আসায় এ ছবির অভিনেতা অক্ষয় কুমার নির্মাতাদের শুটিং বন্ধ রাখার অনুরোধ জানান। ‘হাউসফুল ৪’-এর নির্মাতারা সাজিদকে পরিচালনার দায়িত্ব থেকে সরে যেতে বলেন। শোনা যাচ্ছে, ফরহাদ সামজি এখন ছবিটি পরিচালনা করবেন। ছবিটির অন্যতম প্রধান চরিত্রে ছিলেন শক্তিমান অভিনেতা নানা পাটেকার। কয়েকটি দৃশ্যের শুটিংও করেছিলেন। কিন্তু ‘#মিটু’ আন্দোলনের প্রথম অভিযুক্ত তিনি। এর জেরে ‘হাউসফুল ৪’ থেকে নানা পাটেকার সরে যাচ্ছেন। তার জায়গায় আসছেন বলিউড অভিনেতা অনিল কাপুর।
মুঘল: মুঘল’ ছবির পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধেও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ কারণেই আমির খান এ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। ‘মুঘল’ ছবিতে প্রথমে অক্ষয় কুমারের অভিনয় করার কথা ছিল। পরে আমিরকে এ ছবির সঙ্গে যুক্ত করা হয়। সুভাষ কাপুরের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে যৌন হেনস্তার মামলা চলছে, এ কথা আমিরের কানে যাওয়ার পর তিনি এ ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ছবিটির নির্মাতা ভূষণ কুমার পরিচালক সুভাষ কাপুরকে পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেন। সংগীত জগতের অলিখিত সম্রাট গুলশান কুমারের জীবনের ওপর ১০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি নির্মাণ হচ্ছে।
সুপার থার্টি : ‘সুপার থার্টি’ পরিচালনা করছিলেন বিকাশ বহেল। কঙ্গনা রানাউত ও নয়নী দীক্ষিত এই পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। তাই ছবির প্রধান অভিনেতা হৃত্বিক রোশন এর কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ছবির নির্মাতাদের বলেছেন, তারা যেন বিকাশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন। ১০০ কোটি রুপি বাজেটের এ ছবিটি বিহারের সমাজসেবক আনন্দ কুমারের জীবন নিয়ে নির্মিত হচ্ছে।
দে দে প্যায়ার দে : যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ‘প্যায়ার কা পঞ্চনামা’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’র পরিচালক লাভ রঞ্জনের বিরুদ্ধে। এর জেরে তার নতুন ছবি ‘দে দে প্যায়ার দে’র ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অজয় দেবগন ও রণবীর কাপুর এ ছবিতে অভিনয় করবেন। প্রযোজনার দায়িত্বে আছে অজয়ের প্রযোজনা সংস্থা। লাভ রঞ্জনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর অজয় এ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। অভিনেতার বক্তব্য, যৌন নিপীড়নের মতো দোষে দোষী কোনো ব্যক্তির পাশে তার প্রতিষ্ঠান নেই। এ ছবির বাজেট ১০০ কোটি রুপি।











