মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তত্ত্বাবধায়ক’ সরকারের মাধ্যমে নির্বাচনের নির্দেশনার শুনানি রোববার

news-image

নিজস্ব প্রতিবেদক: নতুন আঙ্গিকে তত্ত্ববধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিটের শুনানি আগামী রোববার। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সোমবার সকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ৪২ দিন আগে দশম সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আইন সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিব, মন্ত্রীপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, জাতীয় সংসদের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রিটে বিবাদী করা হয়েছে।

রিটে বিবাদীদের বিরুদ্ধে সংসদ নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞার আদেশ দিতে আবেদন করা হয়েছে।

এ ছাড়া মামলার রুল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পূর্বের নিয়মে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের আদেশ দেওয়ার বিষয়ে রিটে আবেদন জানানো হয়েছে। সূত্র: দৈ.আ.স