সীমান্তে ‘ফ্রি ক্রাইম জোন’ বাড়ানো হচ্ছে
সীমান্তে ‘ফ্রি ক্রাইম জোন’ বাড়ানোর পরিকল্পনা করছে বিজিবি। এর আগে যশোর সীমান্তে ফ্রি ক্রাইম জোন ঘোষণা করা হয়। পর্যায়ক্রমে আরও কয়েকটি সীমান্তে এ জোন বাড়ানো হবে। সোমবার দুপুরে বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এ কথা বলেন।
দুই সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করছে জানিয়ে বিজিবির ডিজি বলেন, ২০০১ সালে ৭১ জন, ২০১০ সালে ৬০ জন, ২০১৫ সালে ৪৫ জন, ২০১৬ তে ৩১ জন, ২০১৭ সালে ২২ জন ও চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত একজন হত্যার শিকার হয়েছেন। সেক্ষেত্রে এই হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে ১২ হাজারেরও বেশি যৌথ টহল দেয়া হয়েছে। আর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে যৌথ টহল দেয়া হয়েছে ২ হাজার বার। সীমান্তে চোরাচালান বন্ধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী কাজ করছে। আমাদের কিছু দূর্গম এলাকা রয়েছে অরক্ষিত। সেগুলোকে বিওপির আওতায় আনার চেষ্টা চলছে। ওই এলাকার একটি বিওপি থেকে অন্য বিওপিতে হেঁটে যেতে ৭ দিন সময় লাগে। এক্ষেত্রে ওইসব এলাকা চোরাকারবারিরা ব্যবহার করতে পারে। ইয়াবার চালান রোধে তৎপর রয়েছে বিজিবি। বিভিন্ন উপায়ে এই চালান দেশে ঢুকছে। কারবারিরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। এরপরও ধরাও পড়ছে।
তিনি আরও বলেন, মুলত চাহিদার কারণে মাদক পাচার বেড়ে যায়। সীমান্ত এলাকার জনগোষ্ঠীকে সচেতনতার পাশাপাশি আর্থিক সহায়তাও করা হয়। তাদের সঙ্গে এ পর্যন্ত ২৩ হাজার ৫২০ টি সচেতনতামুলক সভা করা হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক।











