গ্রীন কারখানায় নীতিমালা চায় উদ্যোক্তারা
বিশ্বব্যাপী গ্রীন বা পরিবেশবান্ধব কারখানা এখন সময়ের দাবি হলেও বাংলাদেশে এই খাতে কোনো নীতিমালা নেই। সাধারণ কারখানার থেকে গ্রীন কারখানা স্থাপনে অনেক বেশি খরচ হলেও সরকারের পক্ষ থেকে বাড়তি কোনো সুবিধা পায় না বিনিয়োগকারীরা।অন্যদিকে অনেক তরুণ উদ্যোক্তা পরিবেশবান্ধব কারখানা নির্মাণ করে আশানুরুপ ফলাফল না পাওয়ায় হতাশায় ভুগছেন। এমতাবস্থায় সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ চাইছে ব্যবসায়ীরা।
বাংলাদেশ নীটওয়্যার প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহ-সভাপতি ফজলে শামিম এহসান জানান, একটি গ্রীন কারখানায় অনেক বেশি খরচ হলেও সরকার বাড়তি কোনো সুযোগ তাদেরকে দিচ্ছে না। যারা গ্রীন কারখানা চালু করেছেন ক্রেতারা তাদেরকে পণ্যের ভাল মূল্য দিচ্ছে না। এতে অনেক উদ্যোক্তা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছেন। এমতাবস্থায় সরকারের বিশেষ প্রণোদনা ও নীতিমালার মাধ্যমে উদ্যোক্তাদের আগ্রহী করা প্রয়োজন।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, তারাও চায় সবাই আধুনিক কারখানায় প্রবেশ করতে। কিন্তু এজন্য অনেকেরই যথেষ্ঠ পরিমাণ আর্থিক সক্ষমতা নেই।আবার অন্যদের ব্যর্থতা তাদেরকে নিরুৎসাহিত করছে। এই ব্যাপারে আবার অনেক উদ্যোক্তার বাস্তব ধারণাও নেই। ফলে থমকে রয়েছে গ্রীন কারখানার বিস্তার। তবে তাদেরকেও যে আস্তে আস্তে আধুনিকায়নে প্রবেশ করতে হবে সেটা মানছেন সবাই।
মেট্রপলিটন ব্যবসায়ি সমিতির (এমসিসিআই) সভাপতি নাহিদ কবির মনে করেন, গ্রীন কারখানা এখন বিশ্বব্যাপী সময়ের দাবি।বর্তমানে পরিবেশগত পারফরমেন্স সূচকে (ইপিআই) বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৭৯তম অবস্থানে রয়েছে। তাই এই বিষয়টিকে জোড়দার করতে হবে। অন্য দেশের আলোকে নয়, বাংলাদেশের বাস্তবতার কথা মাথায় রেখে সরকারকে একটি নীতিমালার অধীনে এটাকে পর্যবেক্ষণ করতে হবে।
বিশ্লেষকরা বলছেন, সরকার কিংবা ব্যবসায়ী কারোও একার পক্ষে একটি দেশে আধুনিক কারখানায় রুপান্তর করা সম্ভব না। এজন্য প্রয়োজন যৌথ প্রচেষ্টা। সরকার ও ব্যবসায়িদের হাত একত্রিত করে এগিয়ে যেতে হবে। সরকারকে গ্রীন কারখানায় বিনিয়োগকারিদের বিশেষ প্রণোদনা ও প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিতে হবে। একই সাথে ব্যবসায়ীদেরকেও দায়িত্বশীল হয়ে প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়ন করতে হবে। শুধু নীতিমালা করে থেমে থাকলেই হবে না। পরিবেশবান্ধব কারখানা স্থাপনে একটি স্বতন্ত্র কমিশন গঠন করে আইনের বাস্তবায়ন করতে হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের অবদান সবথেকে বেশি। এই খাতকে আরো উন্নয়ন করতে এবং রপ্তানি প্রবৃদ্ধি তড়ান্বিত করতে হলে অতি দ্রুত গ্রীন কারখানায় প্রবেশ করতে হবে। ২০০৮ সাল পরবর্তি সময়ে বিশ্বব্যাপী অর্থনীতির ধ্বসের পর সব দেশ গ্রীন কারখানায় যাচ্ছে।আশার কথা হলো রানা প্লাজা ধ্বসের পর এদেশেরও কিছু কারখানা গ্রীনে রুপান্তরিত হয়েছে। এটা নিজেদের জন্যই ভাল। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এর ফলে যেন কর্মসংস্থান কমে না যায়।
শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে বিশ্বের সেরা ১০টি পরিবেশবান্ধব কারখার মধ্যে ৭টি বাংলাদেশে। ইতিমধ্যে ২০টি কারখানা গোল্ড ক্যাটাগরি ও ৫টি কারখানা সিলভার ক্যাটাগরির সক্ষমতা অর্জন করেছে। এছাড়া ২২২টি কারখানা ইউএসজিবিসি সনদ পেয়েছে। নতুনকরে ১৫০টি কারখানা গ্রীণ কারখানায় রুপান্তরিত হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।











