প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার গল্প নানা দেশে ছড়িয়ে দিতে চাই: আইডিবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক সূচকে উন্নতি হচ্ছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এখানে অনেক সফলতার গল্প আছে। ৭ শতাংশের বেশি জিডিপি গ্রোথ। এই সফলতার গল্প আমরা আফ্রিকার গরিব দেশসহ অন্যান্য দেশে ছড়িয়ে দিতে চাই।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলেন এসব কথা বলেন ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. বান্দার এম এইচ হাজ্জার। ঢাকায় ইসলামী উন্নয়ন ব্যাংকের রিজিওনাল হাব (আঞ্চলিক কার্যালয়) স্থাপনের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইডিবির প্রতিনিধি হানি সালিম সোনবল প্রমুখ উপস্থিত ছিলেন।
আইডিবির প্রেসিডেন্ট বলেন, এদেশ ভৌগোলিক দিক গিয়ে গুরুত্বপূর্ণ। এখানে রিজিওনাল হাব গড়ে তোলা সহজ হবে। বাংলাদেশে আঞ্চলিক অফিস থেকে পাশের দেশ ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, চীন, শ্রীলঙ্কাসহ আরও অনেক দেশে এখান থেকে কার্যক্রম পরিচালনা করা হবে। আইডিবির অর্থায়ন ও কর্মকান্ড বিকেন্দ্রীকরণের যে পরিকল্পনা রয়েছে, এটি তারই অংশ।
তিনি বলেন, শুধু মুসলিম দেশগুলোতে নয়, অমুসলিম দেশগুলোতেও ঋণ সহযোগিতা দিচ্ছে আইডিবি। যেখানে কারিগরি সহযোগিতা দেয়া প্রয়োজন, সেখানে তা দেওয়া হচ্ছে। আইডিবির সদস্য নয়, এমন দেশগুলোকেও ঋণ দেওয়া হচ্ছে। এছাড়া যারা মুসলিম দেশ নয়, তাদেরও ঋণ দিচ্ছে আইডিবি।
আইডিবির সদস্য দেশগুলোর অবকাঠামো খাতে আগামী ১ হাজার বিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রয়োজন হবে জানিয়ে আইডিবির প্রেসিডেন্ট বলেন, এডিবিসহ অন্যান্য দাতা সংস্থার মোট তহবিলের পরিমাণ ১৪৬ বিলিয়ন ডলার। তাই এই খাতে বিনিয়োগের বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। বেসরকারি খাতকে আমরা প্রযুক্তি সহায়তাসহ বিভিন্নভাবে সহায়তা করবো। তাদের কোনো আইডিয়া থাকলে সেটা বাস্তবায়নে কাজ করবো। উদ্ভাবক ও আইটিসহ বিভিন্ন আইডিয়া বাস্তবায়নে আমরা ৫০ কোটি ডলারের তহবিল গঠন করেছি। এ তহবিলের আকার ভবিষ্যতে আরও বাড়ানো হবে।
এম এইচ হাজ্জার বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেখানে তারা বিভিন্ন গবেষণার কাজ করছে। আবার আমরা শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছি। কিন্তু দেখা যায় তাদের সঙ্গে আমাদের আর পরবর্তী সময়ে সেভাবে যোগাযোগ হচ্ছে না। এখানে হাব স্থাপনের ফলে তাদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়বে।
বাংলাদেশে আইডিবির হাব স্থাপনের জন্য ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ১৯৭৪ সাল থেকে আইডিবি আমাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে আসছে। আমরাও আমাদের সক্ষমতা বাড়াচ্ছি। আমাদের উন্নয়ন দেখে বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করছে। আইডিবি এখানে হাব খুলেছে।
মুহিত আরও বলেন, বিদেশ থেকে আমরা এখন পর্যন্ত যে লোন নিয়েছি সব লোনের অর্থই আমরা সময়মতো পরিশোধ করেছি। একটি দেশও বলতে পারবে না যে, আমাদের কাছে তাদের ঋণের টাকা বাকি রয়েছে।











