জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়র হওয়া মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহামগর হাকিম আদালতের জিআর শাখায় চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পরিদর্শক) শরিফুল ইসলাম।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- জাবালে নূরের ঘাতক বাসটির মালিক মো. শাহাদত হোসেন, বাসচালক মাসুম বিল্লাহ, জোবায়ের, এনায়েত, আসাদ গাজী ও জাহাঙ্গীর। একইসঙ্গে চার্জশিটে সোহাগ আলী ও রিপন হোসেন নামের দুই জনকে অব্যাহতির সুপারিশ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন সাংবাদিকদের মামলা তদন্ত সম্পর্কে বলেন, দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় মামলা হয়েছিল। মামলাটি গোয়েন্দা বিভাগ তদন্ত করে চার্জশিট দাখিল করেছে।
দূর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, ওই দুই গাড়ির চালক নিজেদের মধ্যে আগে যাবার অসুস্থ প্রতিযোগিতা করছিলেন।
তিনি আরো বলেন, জাবালে নূর বাসের মাসুম বিল্লাহ, শাহাদত হোসেন ও জোবায়ের সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্তকালে সাক্ষী হিসেবে ৩০৩ জনের জবানবন্দি নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরের দিকে রাজধানীর হোটেল রেডিসনের বিপরীত পাশের জিল্লুররহমান ফ্লাইওভারের ঢালের সামনের রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষারত শিক্ষার্থীদের উপর জাবালে নূর পরিবহনের একটি বাস উঠিয়ে দেয়। এতে বাসের চাপায় প্রাণ হারায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একাদশশ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছিল। এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করলে অত্র মামলা রুজু হয়।











