বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডান ফেরত সেই কিশোরীর দায়িত্ব নিল পুলিশ

news-image

নিউজ ডেস্ক।। ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে জর্ডান থেকে ফেরা মানিকগঞ্জের সিঙ্গাইরের সেই কিশোরী ও তার সন্তানের দায়িত্ব নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। গতকাল রবিবার কিশোরী ও তার শিশুকন্যাকে দেখতে যান জেলার পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
হতদরিদ্র পরিবারের এই কিশোরী দালালের প্ররোচনায় ২০১৬ সালের ২৩ অক্টোবর জর্ডান যান।

আইন অনুযায়ী, অবিবাহিত ও ২৫ বছরের কম বয়সী নারী গৃহকর্মের কাজে বিদেশ যেতে পারেন না। কিন্তু স্থানীয় দালালরা ১৫ বছরের কিশোরীর বয়স বাড়িয়ে পাসপোর্ট করে তাকে জর্ডান পাঠায়। সেখানে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফেরার পর গত ২৩ আগস্ট সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যাসন্তানের জন্ম দেয় সে। অবিবাহিত অবস্থায় মা হওয়ায় তার পরিবারকে একঘরে করে রেখেছে গ্রামের সমাজপতিরা।

গতকাল পুলিশ সুপার ওই কিশোরীকে আর্থিক সহায়তা ও তার সন্তানকে নতুন জামাকাপড় দেন। তিনি গ্রামবাসীর প্রতি কিশোরী ও তার পরিবারের সঙ্গে স্বাভাবিক আচরণ করারও আহ্বান জানান এবং কিশোরীর এই পরিণতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, ওই কিশোরীর বাবা রিকশাচালক ও ভূমিহীন। তার তিন ছেলে- মেয়ের মধ্যে নির্যাতিত কিশোরীই বড়। উৎস: দৈনিক আমাদের সময়।