বরগুনার আমতলীতে বজ্রাঘাতে জেলে নিহত
বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার আলগী গ্রামের আবদুল হাই দফাদার (৫০) নামের এক কৃষক বজ্রাঘাতে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মাছ ধরতে গিয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলগী গ্রামের কৃষক আবদুল হাই দফাদার বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী নেউলি খালে মাছ ধরতে যায়। রাতে বাসায় ফিরে না আসায় শুক্রবার সকালে খোঁজাখুজি করতে গিয়ে স্বজনরা খালের পাড়ে ঝলসানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন বলেন, ‘নিহতের পরিবারকে সরকারী তহবিল থেকে সহায়তা করা হবে।’











