মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়রার নির্বাচন নিয়ে হচ্ছে কী?

news-image

নিউজ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) আসন্ন নির্বাচন নিয়ে একের পর এক ধোঁয়াশা তৈরি হচ্ছে। একের পর এক অভিযোগসহ বিভিন্ন কারণে শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয়ে ভুগছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি অভিযোগ উঠেছে মালয়েশিয়ায় জি টু জি প্লাস পদ্ধতিতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে শ্রমবাজার বন্ধে দায়ী সিন্ডিকেটটি এবারও নির্বাচনকে প্রভাবিত করে পদে টিকে থাকার প্রচেষ্টা চালাচ্ছে।

অভিযোগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জুলাই দুই বছরের জন্য সদ্য বিলুপ্ত কমিটি নির্বাচিত হয়। এ কমিটির মেয়াদ ছিল চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত। মেয়াদ শেষের দিকে একই বছরের ২২ মার্চ বায়রার নির্বাচন বোর্ড নির্বাচনের জন্য ২৪ জুন নতুন তারিখ ঘোষণা করে। কিন্তু এর মধ্যে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এ কমিটির মেয়াদ ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। আবেদনে সভাপতি রোজা, ঈদ, হজ, বর্ষা ও জাতীয় নির্বাচনের কারণে সময় বাড়ানোর কথা বলা হয়। কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও ৯ মাস বাড়ানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এর ফলে ২৪ জুন নির্বাচন করার ক্ষেত্রে আর কোনও বাধা ছিল না। কিন্তু হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বায়রার সদ্য বিলুপ্ত কমিটি। সেই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেয়।

আগামী ৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহারের শেষ সময় ৬ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলগুলো হচ্ছে— সদ্য সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের নেতৃত্বে গণতান্ত্রিক ফ্রন্ট, সাবেক সহ-সভাপতি শফিকুল আলম ফিরোজের নেতৃত্বে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। সম্মিলিত সমন্বয় ফ্রন্ট-এর ব্যানারে সদ্য সাবেক বায়রার সিনিয়র সহ-সভাপতি ড. মোহাম্মদ ফারুকের নেতৃত্বে আরেকটি অংশও এই নির্বাচনে অংশ নিচ্ছে।

এদিকে, সাবেক সহ-সভাপতি শফিকুল আলম ফিরোজের নেতৃত্বে সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সম্ভাব্য প্রার্থী ও বায়রার সাবেক মহাসচিব মনসুর আহমেদ কালাম অভিযোগ তুলেছেন অনিয়ম ও দুর্নীতির কারণে শ্রমবাজার বন্ধে দায়ী সিন্ডিকেটটি এবারও নির্বাচনকে প্রভাবিত করে পদে টিকে থাকার প্রচেষ্টা চালাচ্ছে।

মনসুর আহমেদ কালাম বলেন, ‘মালয়েশিয়ার পর এবার সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও কাতারের শ্রমবাজারে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রায় নিজেদের নেতৃত্ব টিকিয়ে রাখার এ প্রচেষ্টা চালাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘একটি প্রভাবশালী চক্রের সহায়তায় ওই সিন্ডিকেট আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বায়রা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছেন। নির্বাচনে যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারি সেজন্য মালয়েশিয়ার শ্রমবাজার দখলকারী সিন্ডিকেট আমাদের হুমকি দিচ্ছেন। তারা একক নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশে এ চেষ্টা চালাচ্ছেন।

আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বায়রার দ্বিবার্ষিক নির্বাচন বানচাল করারও চেষ্টা চালানো হচ্ছে এমন অভিযোগ বায়রার সদস্যদের কাছ থেকে পেয়েছেন দাবি করেন বায়রার এই সাবেক মহাসচিব। তিনি বলেন, ‘বায়রার গঠণতন্ত্র অনুযায়ী গত মে মাসে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সিন্ডিকেটের নানা তৎপরতার কারণে সঠিক সময় নির্বাচন হয়নি। নির্বাচন বানচালের অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়।

বায়রার সদস্যরা জানান, এই নির্বাচনে একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন জহরত অ্যাসোসিয়েট এর শফিকুল ইসলাম ফিরোজ ও সাবেক মহাসচিব মনসুর আহমেদ কালাম। অন্য প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ইউনিক ইস্টার্ন এর মালিক ব্যবসায়ী নুর আলী, সংগঠনের সাবেক সভাপতি বেনজীর এবং সাবেক মহাসচিব ক্যাথার্সিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমীন স্বপন।

বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো ১০টি প্রতিষ্ঠানের একটি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির কর্ণধার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সদ্য বিলুপ্ত কমিটির মহাসচিব মো. রুহুল আমিন স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন , ‘নির্বাচনকে প্রভাবিত করে কিভাবে? নির্বাচনকে প্রভাবিত করার কোনও সুযোগ নেই। যারা বিজয়ী হবে তারা দায়িত্ব পাবেন। এসব কথা কেউ কেউ হয়তো তার ব্যক্তিগত অনুভূতি বা ধারণা থেকে বলতে পারেন।’

এদিকে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টার কারণে সদস্যদের মাঝে অস্থিরতা ও ১০ রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো সংক্রান্ত বিতর্কে সাধারণ রিক্রুটিং লাইসেন্স মালিকদের ন্যায় সঙ্গত অধিকার আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের স্বাধীনতা হলে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সাবেক সহ-সভাপতি শফিকুল আলম ফিরোজের নেতৃত্বে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। বাংলা ট্রিবিউন