কয়লা দুর্নীতি, আজ দুদকে হাজির হচ্ছেন পেট্রোবাংলা ৯ কর্মকর্তা
বড়পুকুরিয়ার ১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন কয়লা খোলাবাজারে বিক্রি করে প্রায় ২৩০ কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্তে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) ৯ কর্মকর্তা দুদকে (দুর্নীতি দমন কমিশন) হাজির হচ্ছেন।
এর আগে গত ১৩ দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলমের সই করা পৃথক দুই চিঠি পেট্রোবাংলা চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছিল। এতে ৩২ কর্মকর্তাকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) যারা হাজির হচ্ছেন তারা হলেন- পেট্রোবাংলার উপ-ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং এন্ড ম্যানেজমেন্ট) মো. খলিলুর রহমান; সাবেক মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) আব্দুল মান্নান পাটোয়ারি ও গোপাল চন্দ্র সাহা; ব্যবস্থাপক (হিসাব) সারোয়ার হোসেন; ব্যবস্থাপক (সেলস ও রেভিনিউ কালেকশন) মো. কামরুল হাসান; উপব্যবস্থাপক (মার্কেটিং ও কাস্টমার সার্ভিসেস) মোহাম্মদ নোমান প্রধানীয়া; সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এ কে এম সিরাজুল ইসলাম ও শরিফুল আলম এবং সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) আল আমিন।
উল্লেখ্য, ২০০৫ সালে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। ২০০৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত বড় পুকুরিয়া খনির কয়লা উৎপাদন এবং সরবরাহের হিসাবের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ২০০৫ সালের ১০ই সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ১৯শে জুলাই পর্যন্ত কাগজে কলমে এই ফারাক ১ লাখ ৪৪ হাজার ৬শ’ ৪৪ টন। অর্থাৎ গত ১৩ বছর ধরে খনি থেকে এ পরিমাণ কয়লা চুরি হয়েছে। যার বাজার মূল্য ২০৩ কোটি টাকা। দীর্ঘদিন থেকে একটি চক্র চুরি করে খোলাবাজারে এসব কয়লা বিক্রি করে দিয়েছে। এসব অভিযোগে কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে ২৪ জুলাই দিবাগত রাত ১০টার দিকে খনির ব্যবস্থাপক (প্রশাসন) আনিছুর রহমান বাদী হয়ে দুর্নীতি দমন আইনের ৫ (২) ও ৪০৯ ধারায় পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।











