গোবিন্দগঞ্জে হঠাৎ নিখোঁজের পর বাঁশ ঝাড়ে স্কুলছাত্রের গলাকাটা লাশ
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের পর বাঁশ ঝাড় থেকে লিমন প্রধান (১০) নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নাকাইহাট ইউনিয়নের শীতল গ্রামের পচারভিটা নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত লিমন ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং শীতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পরিবারিক সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পর লিমন হঠাৎ করে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। পরে আজ সকালে পচারভিটা এলাকায় লিমনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা লিমনের বড় ভাইকে খবর দিলে তিনি এসে লাশটি সনাক্ত করেন।
খবর পেয়ে আজ দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজিনুর রহমানের নেতৃত্বে ওসি মজিবুর রহমানসহ একাধিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান পিপিএম জানান, নিহতের গলাকাটা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনও হত্যার মূল কারণ জানা যায়নি বলে জানান ওসি।











