মাহফুজুর রহমান গান গাইবেন আজ রাতে
বিনোদন ডেস্ক।। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও সঙ্গীতানুষ্ঠানের গাইবেন মাহফুজুর রহমান। আজ শুক্রবার ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচারিত হবে তার একক সংগীতানুষ্ঠান ‘বলো না তুমি কার’।
একক এই অনুষ্ঠানে মাহফুজুর রহমানের ১০টি গান গাওয়ার কথা রয়েছে। গানগুলো লিখেছেন রাজেশ ঘোষ, কৌশিক হোসেন তাপস ও নাজমা মোহাম্মদ। সুর ও সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও কৌশিক হোসেন তাপস। প্রতিবারের মতো এবারও গানগুলোর ভিডিও দেশ-বিদেশের বিভিন্ন মনোরম লোকেশনে করা হয়েছে।
মাহফুজুর রহমানের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো ‘স্মৃতির আলপনা আঁকি’, ‘কত সুন্দর তুমি’, ‘একা থাকার যন্ত্রণা’, ‘একটা মন দাও’ ইত্যাদি।
২০১৬ সালে মাহফুজুর রহমান ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামে প্রথম একক গানের অনুষ্ঠান করেন। ২০১৭-এর ঈদুল ফিতরে প্রচারিত হয় তার গান নিয়ে অনুষ্ঠান ‘প্রিয়ারে’। একই বছর তার একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আলপনা আঁকি’ ব্যাপক আলোচিত হয়।











