রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় চলছে তৃতীয় দিনের পশু কোরবানি

news-image

অনলাইন ডেস্ক : কোরবানির প্রথমদিনের মতো তৃতীয় দিনে আজও অনেকেই পশু কোরবানি করেছেন। এদিকে পশু কোরবানির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেন এলাকায় ৬২০টি এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৫০টি স্থান নির্ধারণ করা হয়। এরপরও নগরবাসীকে বাসার সামনের রাস্তায়, অলিগলিতে কোরবানি দিতে দেখা গেছে।

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, নগরবাসীকে রাস্তায় কিংবা খোলা জায়গায় কোরবানি না করার অনুরোধ জানানো হলেও অনেকে রাস্তাসহ খোলা স্থানে কোরবানি দিচ্ছেন। খোলা স্থানে পশু জবাই করার কারণে পরিবেশ দূষিত হয়েছে। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। নয়াবাজারে পশু কোরবানি দিয়েছেন এমন একজন বলেন, বাসার সামনে কোরবানি করায় ঝামেলা কম। তাই বাসার সামনেই আমরা পশু কোরবানি করেছি। রক্ত, বর্জ্য এগুলো আমরা নিজ দায়িত্বেই পরিষ্কার করে ফেলবো।

এদিকে সিদ্দিকবাজার এলাকার এক বাসিন্দা বলেন, প্রতি বছর তিন দিন কোরবানি দেই। এ বছর ১২টি গরু-মহিষ কোরবানি দিয়েছি। প্রথমদিনে ছয়টি, দ্বিতীয় দিনে তিনটি, আজ (তৃতীয় দিনে) তিনটি পশু কোরবানি দিয়েছি। এছাড়া ৭টি খাসি কোরবানি দিয়েছি। কুরবানির মাংস বন্টন পদ্ধতি অনুযায়ী তিন ভাগ করে একভাগ নিজে রেখে অপর দুই ভাগ আত্মীয় ও গরিব-মিসকিনদের দান করেছি।