রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পর নাঈমকে ছাড়া নাদিয়ার ঈদ

news-image

বিনোদন প্রতিবেদক: ছোটপর্দার প্রিয় মুখ নাদিয়া আহমেদ দেশে নেই এখন। ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। নাঈমকে ছাড়াই ঈদ সেখানে করছেন।

এ বিষয়ে নাদিয়া আহমেদ বলেন, ‘আমার মা ও বোন যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁদের সঙ্গে ঈদ করব বলে চলে এলাম। ঈদের ছুটি এখানেই কাটাব।’

২০১৬ সালের ১৪ জানুয়ারি বিয়ে করেন নাঈম ও নাদিয়া। বিয়ের পর নাঈমকে ছাড়াই নাদিয়া ঈদ করছেন। এ বিষয়ে নাদিয়া বলেন, ‘নাঈমকে মিস করব, কিন্তু করার কিছু নেই। নাঈমের দেশে কাজ আছে।’

অন্যদিকে নাঈম বলেন, ‘ঈদের দিন পরিবারের সঙ্গেই কাটাব। যেভাবে ঈদ সব সময় পালন করি, ঠিক সেভাবেই ঈদ কাটবে। নাদিয়া তো যুক্তরাষ্ট্রে, তাই ঈদ উপলক্ষে নতুন কোনো পরিকল্পনা নেই।’

নাদিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রে কেন গেলেন না—জানতে চাইলে নাঈম বলেন, ‘আমিও যেতাম, কিন্তু আমার শুটিং আছে। ঈদের পরপরই টানা শুটিং আমার। আগে থেকেই পরিচালকদের শিডিউল দিয়ে রেখেছিলাম। বিশেষ করে সিরিয়াল নাটকের শুটিং করতে হবে।’

ঈদ উপলক্ষে নাঈম ও নাদিয়া দুজনই বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো প্রচারিত হবে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে। এ ছাড়া ঈদের বিশেষ নাচের অনুষ্ঠানেও দেখা যাবে নাদিয়াকে।