খালি হাতে মিয়ানমার থেকে ফিরল বাংলাদেশের প্রতিনিধি দল
রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশের প্রতিনিধিদল মিয়ানমার সফর করলেও তাদের খালি হাতে ফিরে আসতে হয়েছে বলে মন্তব্য করেছেন সফরকারী দলের এক সদস্য। বুধবার তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সির খবরে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলি নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মিয়ানমার সফর করে। ২০১৭ সালে মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়ার পর এটি এই প্রথম কোন উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক সফর।
বাংলাদেশের ত্রাণ এবং শরণার্থী প্রত্যাবসন বিষয়ক কমিশনার আবদুল কালাম আনাদুলুকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, শরণার্থী সমস্যার শান্তিপূর্ণ সমাধানের অংশই হচ্ছে মিয়ানমার সফর। আমরা আশা করছি রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফেরাতে একটি যোগ্য পরিবেশ সৃষ্টি করা হবে।’ এই এই সফরকে বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মন্তব্য করলেও এই সফরে কোন উল্লেখযোগ্য উন্নতি হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেন নি তিনি। কালাম বলেন, এই বিষয়ে যৌথ আলোচনা চলছে।
স্থানীয় অধিকার গোষ্ঠি কোস্ট এর নির্বাহী সনৎ কে ভৌমিক শরণার্থী সমস্যার জরুরি সমাধানের আহ্বান জানিয়ে বলেন, ‘রোহিঙ্গারা অমানবিক পরিস্থিতিতে বসবাস করছে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সরকার কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চাইছে। ভারত এবং চীনের সঙ্গেও এই বিষয়ে কথা বলছে।’ তবে মিয়ানমারে ফেরত গেলেও নাগরিকত্ব পাবে কি না এই নিয়ে শঙ্কিত রোহিঙ্গা শরণার্থীরা। তাদের শঙ্কা এবং ভয়ের সঙ্গে একমত হয়ে ভৌমিক বলেন, ‘মিয়ানমার এই পর্যন্ত তাদের প্রতিশ্রুতি রাখে নি।’
বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবসন চুক্তির ৯ মাস হয়ে গেলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১জন রোহিঙ্গাও মিয়ানমার ফেরত যায় নি। সোমবার বাংলাদেশের পররাষ্ট্রসচিব এম শহিদুল হক বলেন, এই প্রক্রিয়ার কোন তারিখ নির্ধারণ করা হয় নি। তিনি আরো বলেন, এই সংকট অনেক কঠিন এবং জটিল তা একরাতেই সমাধান হবে না।
২০১৭ সালের ২৫ আগস্টের পর সাড়ে ৭ লাখ রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে। ডক্টরস উইদাউট বর্ডার জানায়, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রাখাইনে ৯ হাজার ৪০০ রোহিঙ্গা নিহত হয়। জাতিসংঘ রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নির্যাতিত গোষ্ঠি বলে সম্বোধন করে। ২০১২ সাল থেকেই তারা জাতিগত সহিংসতার শিকার হয়ে আসছে। আনাদুলু এজেন্সি।











