মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা, মোনাজাত

news-image

টুঙ্গিপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দোয়া পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করতেই আজ সকালে টুঙ্গিপাড়া আসেন প্রধানমন্ত্রী। এদিন বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

পরে শেখ হাসিনা পবিত্র সূরা ফাতিহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এদিন বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ মসজিদ চত্বরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে অবস্থান করে এতে অংশ নেবেন।

জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রী পরিষদের সদস্যরা, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলার সর্বত্র নিরাপত্তা জেরাদার করা হয়েছে। টুঙ্গিপাড়ায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে র‌্যাব পুলিশের পাশাপাশি নিরাপত্তা কর্মীরা কাজ করছেন।