মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে তারেক মাসুদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

news-image

ফরিদপুর প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার সকালে নিজ বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুরে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক মাসুদ ফাউন্ডেশন ও তার পরিবারের সদস্যরা।

এ সময় তারেক মাসুদের মা নুরুন্নাহার বেগম, তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তারেক মাসুদের মা নুরুন্নাহার বেগম বলেন, ‘মৃত্যুর আগে আমি সরকারের কাছে দাবি জানাই, তারেকের নামে লাইব্রেরি ও জাদুঘর নির্মাণের, যার মধ্য দিয়ে তারেক মানুষের মধ্যে বেঁচে থাকবে।’

এছাড়া আয়োজন করা হয় স্মরণসভা, গুণীজন সম্মাননা প্রদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখরিয়ায় তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন। আহত হন ওই মাইক্রোবাসে থাকা তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেকের প্রোডাকশন ইউনিটের সহকারী সাইদুল ইসলাম।

মুক্তির গান, মাটির ময়না, আদম সুরত ও রানওয়ে সহ অনেক বিখ্যাত চলচ্চিত্রের নির্মাতা ছিলেন তারেক মাসুদ। এই চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিলেন ৫ ভাই-বোনের মধ্যে সবার বড়। শৈশবে স্থানীয় একটি মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছেন। তারপর তিনি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা শেষে ঢাকা চলে যান। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেন।