মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমনা পার্কের লেকে গোসল করতে গিয়ে প্রাণ হারাল ২ শিক্ষার্থী

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর রমনা পার্কের লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহফুজ ও আদনান নামের এ দুই শিক্ষার্থী কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

আজ রবিবার দুপুরে স্কুল ফাঁকি দিয়ে রমনা উদ্যানে যায়। এরপর তারা গোসল করতে লেকে নামে। তারা ডুবে গেলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সোয়া ৪টার দিকে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

তাদের এক সহপাঠী জানায়, তারা তিনজন ক্লাস না করে দুপুরে রমনা উদ্যানে ঘুরতে আসে। এক পর্যায়ে মাহফুজ ও আদনান গোসল করতে নামে। মাহফুজ সাঁতার জানলেও আদনান জানতো না। কিন্তু মাহফুজের কাঁধে চড়ে আদনান সাঁতরাতে যায়। তখন দুইজনই পানিতে ডুবে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, বিকেল সোয়া ৪টার দিকে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।