বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাক্ষাৎকারে শহিদুল আলমের দেওয়া অনেক বক্তব্যের সাথেই একমত নই: প্রভাষ আমিন

news-image

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যা ও ধর্ষণের গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেত্রী নওশাবা আহমেদকে। এছাড়া একই সময়ে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয় দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমকেও। গ্রেফতারকৃত এ দুজনকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক প্রভাষ আমিন। তিনি তার স্ট্যাটাসটিতে বলছেন, নওশাবা হয়তো ভুল তথ্যে বিভ্রান্ত হয়ে না বুঝে লাইভ করেছেন। তবে শহীদুল আলম যা করেছেন, বুঝে শুনেই করেছেন। এছাড়া শহিদুল আলমের আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকারের অনেক বক্তব্যের সাথে তিনি একমত নন বলেও জানান।

নিচে ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘নওশাবা হয়তো ভুল তথ্যে বিভ্রান্ত হয়ে না বুঝে লাইভ করেছেন। তবে শহীদুল আলম যা করেছেন, বুঝে শুনেই করেছেন। নওশাবা তো উত্তরায় বসে ফেসবুক লাইভ করেছেন। আর শহীদুল আলম ঘটনাস্থলে ঘুরে ঘুরে লাইভ করেছেন, আল জাজিরায় সাক্ষাৎকার দিয়েছেন। তার সাক্ষাৎকারের অনেক বক্তব্যের সাথেই আমি একমত নই। যেমন ২০১৪ সালের নির্বাচন নৈতিক বিচারে উচ্চমানের ছিল না। তাই বলে এ সরকারকে আমি অনির্বাচিত মনে করি না। তাদের দেশ চালানোর অধিকার নেই, এমনটাও মনে করি না। ব্যাংকিং খাতে লুটপাট, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে আমি তার সাথে অনেকটা একমত। তবে কোটা নিয়ে তার অবস্থানের সাথে আমার প্রবল দ্বিমত। আমি বিশ্বাস করি, বৈষম্য সৃষ্টি করতে নয়, বৈষম্য দূর করতেই কোটা ব্যবস্থার প্রচলন। আর রাষ্ট্রে যতদিন বৈষম্য থাকবে, ততদিন কোটাও থাকবে।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, শহীদুল আলমের এ ধারণার সাথেও আমি একমত নই। আমি বরাবরই, আওয়ামী লীগ যখনতত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিল, তখনও আমি এ ধারণার বিরোধিতা করেছিলাম।
তত্ত্বাবধায়ক ধারণাটাই রাজনীতিবিদদের প্রতি এক ধরনের অনাস্থা। যাদের ওপর ৫ বছর গোটা দেশের দায়িত্ব, তাদের ওপর একটা নির্বাচন পরিচালনার আস্থা রাখা যাবে না, এ কেমন কথা। শহীদুল আলম অবশ্যই সরকারকে ক্ষমতাচ্যুত করতে চান, এটা তার ব্যক্তিগত মত। তার মতের সাথে আমার মিলতে পারে, নাও মিলতে পারে। কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। শহীদুল আলম সরকারকে অনির্বাচিত মনে করতে পারেন, ক্ষমতাচ্যুত করতে চাইতেই পারেন। তবে তার বক্তব্যে অপরাধের উপাদান আছে।
বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে আছে, ‘রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ-সাপেক্ষে
ক. প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং
খ. সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল’।

মামলায় উদ্ধৃত শহীদুল আলমের বক্তব্যে অপরাধ সংঘটন ও জনশৃঙ্খলা ভঙ্গের উপাদান আছে। ছাত্রীদের ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা নিখোঁজ হয়ে গেছে- এ বক্তব্য তথ্য নির্ভর নয়। তার এ মিথ্যা বক্তব্য শনিবারের অগ্নিগর্ভ পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারেও তিনি কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন বলে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছেন, যা শিক্ষার্থীদের আন্দোলন সস্পর্কে আন্তর্জাতিক মহলে ভুল বার্তা দিয়েছে।’