‘ত্রিশ-চল্লিশ বছর একই ব্যক্তির নেতৃত্ব গণতন্ত্রের জন্য পৃথিবীর কোথাও ভালো হয়নি’
সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির দুর্বলতা তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে না উঠা। তৃণমূল পর্যায় থেকে তাদের যে নেতৃত্ব গড়ে উঠা দরকার ছিল, সেটা সেভাবে হয়নি।
এ প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে আমাদের নেতৃত্ব গড়ে উঠেছে ছাত্রসংগঠনের মধ্যদিয়ে। ছাত্রলীগ-ছাত্রদল বা শ্রমিক লীগ-শ্রমিকদল এসব অঙ্গসংগঠন গড়ে উঠার পুরো প্রক্রিয়া প্রায় বন্ধই বলা যায়। ফলে নতুন নেতৃত্ব কোনো দলেই উঠে আসেনি। দুই দলেরই প্রধান মূল নেতৃত্বে বয়োজ্যৈষ্ঠ লোক। তরুণ বলতে যাদের বয়স ৩০-৪০-৫০ বছরে উপরে। নতুন নেতৃত্ব উঠে আসছে না। নতুন নেতৃত্ব উঠে আসার সম্ভাবনাও কম। কারণ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের ডাকসু, রাকসু নির্বাচন ২০-২৫ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে নতুন নেতৃত্ব আসছে না। আমরা একটা সাংঘাতিক স্থবির জায়গা আছি।
ড. শাহদীন মালিক বলেন, এখন নেতৃত্ব যদি উঠে না আসে, একই ব্যক্তি যদি ৩০-৪০ বছর ধরে নেতৃত্বে থাকেন সেটা দেশ, গণতন্ত্র ও উন্নয়নের জন্য পৃথিবীর কোথাও তা ভালো হয়নি। ভালো হয়নি বলে দুনিয়ার বহু দেশে এক বা দুই টার্মের বেশি নেতৃত্বে, প্রধানমন্ত্রীত্বে থাকতে পারবে না। এই নিয়ম পৃথিবীর বহু দেশে চালু করা হয়েছে। এই ধারণা থেকে যে, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের জন্য ভালো নয়। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিন দলের নেত্রী বা নেতা আশির দশক থেকে আছেন। প্রায় ৪০ বছর হতে চলছে। নিশ্চয় তাদের যোগ্যতা, দক্ষতা রয়েছে। কিন্তু একটি গণতান্ত্রিক দেশের প্রধান রাজনৈতিক দলের একই ব্যক্তি ৩০-৪০ বছর ধরে এক নম্বর পজিশনে থাকবেন আমার মনে হয় না দুনিয়ার কোথাও সুষ্ঠু গণতন্ত্র বলে ধরে নেওয়া হবে।
তিনি বলেন, নেতৃত্বে হুট করে পরিবর্তনের কথা বলছি না। আমি বলছি, সিস্টেমের কথা, এটা সিস্টেমের দুর্বলতা। উনারা কেউ জোর করে নেতৃত্বে নেই। নিঃসন্দেহে, অবশ্যই উনারা নেতৃত্বে আছেন তাদের দল চাইছে বলেই। কিন্তু দলে বিকল্প চিন্তারও সুযোগ নেই। সেই সুযোগটা তো তৈরি করতে দিতে হবে। বিভিন্ন কমিউনিস্ট দেশে নেতৃত্ব অনেক দীর্ঘস্থায়ী হয়। অনেক সময় আমৃত্যু থাকে। তার মানে এই নয় যে ওইসব জায়াগায় যারা নেতৃত্বে রয়েছেন তারা অযোগ্য ব্যক্তি। এটা হচ্ছে সিস্টেমের দুর্বলতার কারণে।
তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, কীভাবে রাজনৈতিক দল চলে তার ধারণাও আমার নেই। তবে আমার মনে হয়, একটা পরিবর্তন রাজনৈতিক দলগুলোর আনা উচিত। না আনলে যেটা হবে যে একটা রাজনৈতিক দলে যদি গণতন্ত্র না থাকে, যে রাজনৈতিক দল রাষ্ট্র চালাচ্ছে সেই দলের মধ্যে যদি একটা সুষ্ঠু গণতন্ত্র না থাকে সে যে রাষ্ট্রটা চালাবে ওই রাষ্ট্রে গণতন্ত্র কেমন করে টিকে। রাজনৈতিক দলগুলোকে এ অবস্থা থেকে একটা উত্তরণের উপায় খোঁজে বের করতে হবে।











