আন্দোলন নিয়ে অতি উৎসাহিত করা ও সমালোচনা বাদ দিতে হবে
নিরাপদ সড়কের দাবিতে গড়ে উঠা আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী শিশুদের বড় একটি অংশ মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছে। তেমনি অভিভাবকদের মানসিকতায়ও নেতিবাচক প্রভাব বিস্তার করেছে।
রাজধানীর কয়েকটি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কিছু অভিভাবকের সাথে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে।
মিরপুর থানাধীন একটি স্কুলের একজন ছাত্রের মা দিলশাদ আরার সাথে শনিবার এ প্রতিবেদকের কথা হয়। তার ছেলে অষ্টম শ্রেণির ছাত্র। এ প্রতিবেদকের প্রশ্নে দিলশাদ বলেন, আমার ছেলে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। মানা করেও আটকে রাখতে পারিনি। এখন ওর মধ্যে একটা ভয়-লজ্জা কাজ করছে। স্কুলে যেতে হবে শুনলেই ওর চোখ মুখে ভয়-ভীতির ছাপ ফুটে উঠে। অনেক বোঝাই, তারপরও স্কুলে পাঠাতে পারি না, খাদ্যগ্রহণসহ ওর সব ধরণের কাজের গতি মন্থর হয়ে গেছে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীর মা বেগম রওশন। এ প্রতিবেদকের প্রশ্নে তিনি বলেন, বহু কষ্টে, বহু বুঝিয়ে শুনিয়ে বাচ্চাকে স্কুলে পাঠাতে হয়। যেতেই চায় না, আমারও ভয় লাগে, আবার যদি কিছু হয়?
ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের একজন শিক্ষার্থীর বাবা জয়নাল আবেদীন। তিনি বলেন, আমার ছেলের ছবি পত্রিকায় ছাপা হয়েছে। এলাকার সবাই, স্কুলের সবাই এটা জানে। এজন্য মানসিকভাবে আমিও বেশ বিব্রত, মানসম্মানের ব্যাপার, লজ্জা-ভয় থেকে ছেলেটা স্কুলে যেতে চায় না। যা-ও একদিন গিয়েছিল, পরে কান্নাকাটি শুরু করে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ বলেন, আন্দোলনের সূত্রে শিশুদের মধ্যে শুধু যে নেতিবাচক প্রভাব বিস্তার হচ্ছে বা হবে, তা নয়। এখানে বহু ইতিবাচক বিষয়ও আছে। যেমন- শিশুরা আত্মবিশ্বাসী, পরিশ্রমী হতে শিখেছে। ভবিষ্যতে এই আন্দোলন তাদেরকে সামাজিক ও সাংগঠনিকভাবে দক্ষ করে তুলতে পারে।
নেতিবাচক দিক সম্পর্কে তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থী বিভৎস দৃশ্য দেখে থাকে, শরীরে আঘাত পায়, আন্দোলন থেকে সৃষ্ট পরিবেশগত কারণে মানসিক চাপ অনুভব করে- তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থী বিষণ্নতায় ভুগতে পারে, পড়াশোনাসহ দৈনন্দিন পারিবারিক-সামাজিক জীবন-যাপন ব্যহত হতে পারে। এ সমস্যা দূর করতে পরিবারকেই ভূমিকা গ্রহণ করতে হবে।
কী ভূমিকা- প্রশ্নে হেলাল উদ্দিন আহমেদ বলেন, আন্দোলন সম্পর্কে শিশুদের অতি উৎসাহিত করা এবং সমালোচনা করা- এ দুটো একদমই বাদ দিতে হবে।











