বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরকা নিয়ে বরিস জনসনের মন্তব্যের পক্ষে মি. বিন

news-image

অনলাইন ডেস্ক : মুসলিম নারীদের বোরকা নিয়ে ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের মন্তব্যের পক্ষে সাফাই গাইলেন বিশ্বব্যাপী মিস্টার বিন খ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসন।

সম্প্রতি দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় সাপ্তাহিক কলামে বরিসন জনসন লিখেছেন, বোরকা পরা মুসলিম নারীদের দেখতে চিঠি ফেলার বাক্সের মতো লাগে। এছাড়া মুখমন্ডল ও পুরো শরীর ঢাকা ওই নারীদের কেবল চোখদুটো খোলা থাকায় তাদেরকে দেখতে ব্যাংক ডাকাতের মতো লাগে বলে মন্তব্য করে ব্যাপকভাবে সমালোচিত হন বরিস জনসন। আর এর মাঝেই জনসনের মতামতকে সমর্থন জানিয়ে টাইমস পত্রিকাকে একটি চিঠি লিখেছেন মিস্টার বিন।

চিঠিতে আটকিনসন লিখেন, ‘এটা খুবই চমৎকার একটি দৃশ্যগত উপমা ও কৌতুক। বরিস জনসন এর জন্য দুঃখপ্রকাশ করুক কিংবা না-ই করুক আসছে দিনগুলোতে এটা মানুষের চিন্তার মধ্যে থাকবে। ধর্ম নিয়ে কৌতুক তৈরির স্বাধীনতার সুবিধাভোগী হিসেবে আমি মনে করি বোরকা নিয়ে বরিস জনসনের পরিহাস একটা ভালো কিছু।’
৬৩ বছর বয়সী এই তারকা আরও লিখেন, ‘ধর্ম নিয়ে সব কৌতুকই অসন্তোষের কারণ। কাজেই সেজন্য ক্ষমা চাওয়া একেবারেই অর্থহীন। আপনার উচিত কেবল খারাপ কৌতুকের জন্য ক্ষমা চাওয়া। সেক্ষেত্রে এখানে দুঃখ প্রকাশের কোনো কারণ নেই।’
এদিকে মুসলিম নারীদের বোরকা পরা নিয়ে সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে ও নিজ দল কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে জনসনকে ক্ষমা চাইতে বলা হয়। তবে এ নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাননি বিতর্কিত এই মন্ত্রী।