মানুষের নামে নাটকের নামকরণ এটা এই সময়ের বন্ধ্যাত্ব : মোশাররফ করিম
বিনোদন ডেস্ক : ’সময় চলবে। নানা পরিবর্তনের মধ্য দিয়ে সময় অতিবাহিত হবে। এই সময়ে সময়ে এক ধরনের জোয়ার আসে। মানুষের নামে নাটকের নামকরণ এটা এখনকার জোয়ার। সত্যি বলতে এটাকে এক ধরনের বন্ধ্যাত্ব বলা যায়। তবে নাটকের নামটাই যে বড় ফ্যাক্ট তা কিন্তু নয়। তবে ওমুক ভাই, তমুক ভাই, ওমুক মজিদ, তমুক মজিদ এগুলো একটানা না চলাই ভালো। চললে দর্শক বিরক্ত হবে। দর্শকরা বিরক্ত হলে আমাদের নাটকও কেউ দেখবে না।’ মানুষের নামে নামকরণের নাটকগুলোতে এখন বেশি অভিনয় করছেন এই সময়ে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকের নাম করণের এই জোয়ার কতটা ঠিক সেটা জানতে চাইলে সমকালকে কথাগুলো বলেন মোশাররফ করিম।
যে নামের নাটকগুলোকে মোশাররফ করিম ‘বন্ধ্যাত্ব’ বলছেন সে ধরনের নাটকে আবার তাকেই অভিনয় করতে বেশি দেখা যাচ্ছে। বন্ধ্যাত্বকে আপনি এড়িয়ে যাচ্ছেন না কেন? প্রশ্ন রাখলে মোশাররফ করিম বলেন, গল্প অনুযায়ী এখন নাম নির্বাচন করা হয়। তবে মাঝে শর্ত দিয়েছিলাম কোনো মানুষের নামে নাটক হলে করব না। কিছুদিন এভাবেই চলেছি। এখন আবার হুজুগে চলছে। চ্যানেলগুলোর চাহিদাও নাকি এমন। ক্রেতার চাহিদা অনুযায়ীই তো পণ্য তৈরি করতে হবে। চ্যানেল চাচ্ছে বলে দিচ্ছি। তবে এড়ানোর চেষ্টা করছি। পুরোপুরিভাবে পারছি না। একজন অভিনেতা চাইলেও নানা কারণে অনেক কিছুই এড়িয়ে যেতে পারেনা।
তবে মানুষের নামে নাটক হওয়ার একেবারে বিপক্ষে নন মোশাররফ করিম। তবে অতিরিক্ত হওয়ার বিপক্ষে বলেই জানান নাটকের এ যুবরাজ।
নাটকের মান এখন নিম্নমূখী এ অভিযোগ তুলছেন অনেকেই । কথা কথায় মোশাররফ করিমের কাছে জানতে চাওয়া হয় এ অভিযোগ কতটা ঠিক? উত্তরে মোশাররফ করিম বলেন, ভালো মন্দ নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। আমাদের এখানে ভালো নাটক মন্দ নাটক হাত ধরাধরি করে চলছে। খারাপটা আমাদের চোখে বেশি পড়ছে। তবে আরও একটা বিষয় বলা দরকার নাটকের মান খারাপ হওয়ার একটা বড় দিক হচ্ছে দক্ষ লোক না থাকা। আমারে দেশে যে হারে চ্যানেল বেড়েছে সে হারে দক্ষ লোক তৈরি হয়েছে? কোন নাটকের মান কিন্তু শুধু শিল্পী আর নির্মাতার উপর নির্ভর করে না। এখানে একজন প্রডাকশনবয়ের উপরও নির্ভর করে।
বাংলা নাটকের দর্শকপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন সিকান্দাকার বক্সখ্যাত এ অভিনেতা। তার অভিনীত নাটক মানেই যেন দর্শকদের কাছে বিনোদনে ভরপুর প্যাকেজ। চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত তিনি। তবে চলচ্চিত্রে তাকে ব্যতিক্রমী চরিত্রে দেখা গেলেও নাটকে তাকে একই চরিত্র একই ধরনের স্টাইল ও অঙ্গভঙ্গিতেই থাকছেন তিনি।
নাটকে একই চরিত্রে বারবার উপস্থাপিত হচ্ছেন এটা কেন? জানতে চাইলে এ তারকা বলেন, এটা মনে হয় আমাকে জিজ্ঞেস না করে পরিচালক ও চ্যানেলগুলোকে জিজ্ঞেস করেল তারা ভালো বলতে পারবেন।তবে এই বন্ধ্যত্বের পিছনে একই কারণ। সেটি হচ্ছে, বাংলাদেশে এখন অনেক চ্যানেল।এ চ্যানেলগুলোর কাজের জন্য অনেক নাটক অনুষ্ঠানের প্রয়োজন হয়। এসব অনুষ্ঠান কিংবা নাটক তৈরির জন্য সম্মিলিতভাবে অভিনয়শিল্পী, গল্পকার, ক্যামেরাম্যান, এডিটর, সহকারী পরিচালকসহ বিভিন্ন কাজের জন্য যে জনবল লাগে সেই জনবল চ্যানেলগুলো তৈরি করেনি। এমন দক্ষ লোক তৈরি না করেই চ্যানেল দিয়ে ফেলেছেন। আমাকে তারকা ঘুরে ফিরে একই চরিত্রে দেখাচ্ছেন। তবে নাটকে ব্যতিক্রম চরিত্রেও কিন্তু অভিনয় করছি।
এই সময়ে সর্বাধিক পারিশ্রমিক নেয়ার অভিযোগের বিপরীতে মোশাররফ করিম বলেন, আমি কখনই কাজের পারিশ্রমিক হিসেবে কারও কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা চাই না। বলিও না আমাকে এত টাকা দিতে হবে। যারা আমাকে নিয়ে কাজ করেন তারাই বাজারমূল্য মোতাবেক পারিশ্রমিক দেন। নাটকের সবাই আমার কাছের মানুষ। নির্মাতারা শিডিউল নিয়ে টাকা দিয়ে যাচ্ছেন।তবে এখানে একটা বিষয় বলা দরকার চ্যানেলগুলো আমার নাটকে ব্যবসা করছেন বলেই কিন্তু তারা বেশি পারিশ্রমিক দিচ্ছেন। ভারতের দিতে তাকান। সেখানে সালমান খানের চেয়ে ইরফান খান কত ভালো অভিনেতা। অথচ পারিশ্রমিক বেশি পাচ্ছেন সালমান। কারণ সালমানের মার্কেট ভালো। চ্যানেলগুলোকে আমি ব্যবসা দিলে তারাও আমাকে ব্যবসা দিবে।এখন তো চ্যানেলগুলো টিভির পাশাপাশি ইউটিউবে নাটক প্রচার করেও ভালো আয় করছে।











