জুটি বাঁধছেন সালমান-দীপিকা?
বিনোদন ডেস্ক: বলিউডের হিট মেশিন বলা হয় সালমান খানকে। বক্স অফিসে যার সিনেমার সাফল্য যেন নিত্য ঘটনা। জনপ্রিয়তার দিক দিয়েও রয়েছেন প্রথম সারিতে। অন্যদিকে এই সময়ে মুম্বাই ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় ও সফল নায়িকা বলা হয় দীপিকা পাড়ুকোনকে। যিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবেও পরিচিত। বক্স অফিস কিংবা দর্শকমনে তার গ্রহণযোগ্যতাও দারুণ।
শীর্ষ জনপ্রিয়তায় থাকা এই দুই তারকা এখনো জুটি বেঁধে অভিনয় করেননি কোনো ছবিতে। ফলে তাদেরকে একসঙ্গে দেখার জন্য দর্শকের মনে একটা অভাববোধ রয়েছে অনেক দিন ধরেই। অবশেষে সেই অপূর্ণতা ঘুচতে চললো। জুটি বাঁধছেন সালমান ও দীপিকা।
খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালির আগামী ছবি ‘ইনশাআল্লাহ’-তে অভিনয় করবেন সালমান খান। এটা পুরনো খবর। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, এই ছবিতে সালমানের বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন। যদিও অফিশিয়ালি কোনো ঘোষণা এখনো দেয়া হয়নি।
আগামী বছরের শুরুর দিকেই শুরু হবে ‘ইনশাআল্লাহ’ ছবির শুটিং। চলবে একটানা নয় মাস। জানা গেছে, সঞ্জয়লীলা বানসালির গত কয়েকটি ছবিতে দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন। সবগুলো ছবিই বক্স অফিসে সফল ও প্রশংসিত হয়েছে। তাই ‘ইনশাআল্লাহ’ ছবিতেও তাকেই নেয়া হতে পারে।











