বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

news-image

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ব্যক্তি নিহত হওয়ার খবর জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের আনোয়ারায় এবং মাগুরার মহম্মদপুরে এ দুটি ঘটনা ঘটে।

প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম
জেলার আনোয়ারা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাসির ওরফে মামুন (৩৫) নামে একজন মারা গেছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার বারাসাত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। মামুন ওই এলাকার হাজী কালা মিয়ার ছেলে। পুলিশের দাবি, নিহতের বিরুদ্ধে খুন-ধর্ষণসহ ১৮টি মামলা রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ জানান, মামুনকে তারা দীর্ঘদিন ধরে খুঁজছিলেন। শুক্রবার বিকেলে তিনি নিজ এলাকায় ফিরেছেন বলে পুলিশের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারী মামুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মামুন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ারা থানার একজন এএসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

মাগুরা
জেলার মহম্মপুর উপজেলায় দু’দল ডাকাতদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাশার একই উপজেলার নহাটা ইউনিয়নের বিল্লুপাড়া গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে। তার নামে বিভিন্ন থানায় ডাকাতি ও সহিংসতার ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে পলাশবাড়ীয়া ইউনিয়নের রামপুর গ্রামে দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের গুলিতে ডাকাত সর্দার বাশার বিশ্বাস ওরফে সোহাগ গুলিবিদ্ধ হয়।

মহম্মদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ বাশারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলি, ৩ রাউন্ড বন্দুকের গুলির খোসা ও ৪টি রামদা উদ্ধার করেছে।