ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু : মেনন
অনলাইন ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। জিয়া কেবল সংবিধান থেকেই ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন দেয়নি, বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি, বিশেষ করে জামায়াতের রাজনীতিকে তিনি এ দেশে পাকাপোক্ত করেছেন। আর বেগম জিয়া সেই জামায়াতকেই রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন। বঙ্গবন্ধু হত্যার পেছনে এই রাজনৈতিক অপশক্তি ষড়যন্ত্র কাজ করেছিল।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনের মতিঝিল,শাহজাহানপুর ও পল্টন থানার আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের সভায় এ কথা বলেন মেনন।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, ‘বিএনপি-জামায়াতের সেই নোংরা রাজনীতি এখনো অব্যাহত রয়েছে। এই বিষবৃক্ষকে রাষ্ট্র ও সমাজ থেকে সমূলে উৎপাটিত করতে হবে। জাতীয় শোক দিবসে এটাই সবার লক্ষ্য হতে হবে।’
নিরাপদ সড়ক আন্দোলনে বিএনপির সংশ্লিষ্টতা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেরা কোনো আন্দোলন গড়ে তুলতে না পেরে এখন ছাত্র-কিশোরদের ওপর ভর করে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার খেলায় মেতে উঠেছে। জামায়াত এ জন্য বিভিন্ন জেলা থেকে শিবির কর্মীদের ঢাকায় এনে জড়ো করেছিল। তাদের অপচেষ্টা এবারও ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে তারা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা আরও করবে। শান্তিপূর্ণ নির্বাচন ও গণতন্ত্রকে অব্যাহত রাখার স্বার্থে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাকর্মীদের সংগঠিত থাকতে হবে। জনগণের কাছে বিএনপি- জামায়াতের হত্যাকাণ্ড ও অভ্যুত্থানের রাজনীতিকে তুলে ধরতে হবে। জনগণের কাছে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের কথা বলতে হবে।’
মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম খান বাবুলের সভাপতিত্বে ওই সভার শুরুতে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় মতিঝিল থানার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, শাহজাহানপুর থানার সাধারণ সম্পাদক আবদুল মুকিত হাওলাদার হৃদয়, পল্টন থানার সভাপতি এনামুল হক আবুল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।











