দেড়যুগ পর একমঞ্চে শাহরুখ-রানী-সালমান
অনলাইন ডেস্ক : দেড়যুগ পর আবারও একই মঞ্চে দেখা গেল বলিউড সুপারস্টার শাহরুখ ও সালমান খানকে। তাদের সঙ্গে ছিলেন বঙ্গ কন্যা রানী মুখার্জিও। ভাইজানখ্যাত সালমান খানের টেলিভিশন অনুষ্ঠান ‘দশ কা দম’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন রাহুল-টিনা। দুই বন্ধুকে পেয়ে সুলতানও মজে ছিল হাস্যরসে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘দশ কা দম’ অনুষ্ঠানের ফাইনাল শো’র শুটিং চলছিল সেদিন। গরুর গাড়িতে চড়ে বসেছিলেন শাহরুখ। আর তা ঠেলতে ঠেলতে নিয়ে আসেন সালমান। মঞ্চে শাহরুখ খানের এভাবে আগমনে চমকে ওঠেন দর্শকরা। এর কিছু সময় পরে তাদের দুজনের মাঝে এসে দাঁড়ান রানী।
তিন বন্ধুর নানা দুষ্টুমিতে শেষ হয় শুটিং। পর্বটি সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। আগামী রোববার সনি টিভিতে প্রচার হবে পর্বটি।
২০০৮ সালে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে শাহরুখ ও সালমানের ঝগড়ার সূত্রপাত ঘটে। ২০১৫ সালে আবার তাদের চিড় ধরা সম্পর্ক জোড়া লাগে। সালমানের ‘টিউবলাইট’-এ অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখকে। আবার শাহরুখের ছবি ‘জিরো’-তেও নাকি অতিথি চরিত্রে উপস্থিত থাকবেন সালমান।











