‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সংগ্রামে শেখ হাসিনা বড্ড একা’
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সংগ্রামে শেখ হাসিনা বড্ড একা।
সম্প্রতি অনলাইন পোর্টাল ‘সারাবাংলা’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
ড. অনুপম সেন বলেন, ‘স্বপ্ন ছিল, দেশ একদিন সোনার বাংলা হবে। এটা বঙ্গবন্ধুর স্বপ্ন। বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো, এই বাংলাদেশ এতদিনে স্বপ্নের সোনার বাংলা হতো। একটা মানবিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র আমরা পেতাম। কিন্তু সেই স্বপ্নটা এখনও অপূর্ণ থেকে গেছে। সমাজ-প্রগতির সংগ্রামে এখনও সফলতা আসেনি।’
‘বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নে অনেক এগিয়ে নিয়েছেন। অনেক উন্নয়ন আমাদের হচ্ছে। তবে অনেক সময় মনে হয়, এই সোনার বাংলা গড়ার সংগ্রামে শেখ হাসিনা বড্ড একা। যেন সব দায়িত্ব শুধু তার! তাকে একাই যেন সবকিছু টেনে নিয়ে যেতে হচ্ছে!’, বলেন তিনি।
ড. অনুপম বলেন, ‘শেখ হাসিনার পাশে হয়তো পাঁচ-ছয় জন, বলতে পারেন জনা দশেক ভালো লোক আছেন। এর বাইরে অনেকেই আছেন, যাদের কর্মকাণ্ডে মনে হয় তারা সরকার ও দেশকে এগিয়ে নেওয়ার চেয়েও আত্মপ্রচারে মগ্ন। আত্মস্বার্থে যেন তারা অনেক বেশি সরব। প্রধানমন্ত্রীর অর্জন অনেক, সোনার বাংলা গড়ার সংগ্রামে তার প্রচেষ্টার ত্রুটি নেই। কিন্তু আশপাশে যদি ভালো মানুষ পাওয়া না যায়, তাহলে হোঁচট খেতে হয়।’
এই অবস্থায় দল ও সরকারে একটি শুদ্ধি অভিযান এবং সামাজিক বিপ্লব গড়ার প্রত্যাশা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য অনুপম সেনের। তিনি বলেন, সরকারের ভেতরে ভালো লোকগুলোর বাইরে যারা শেখ হাসিনার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছেন, তাদের বিষয়ে সতর্ক হতে হবে। যারা দল ও সরকারের জন্য বোঝা হয়ে যাচ্ছেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।











